ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি পেল ২ হাজার ২৮ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল ডাচ্‌-বাংলা ব্যাংক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রীর বাঁয়ে ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ ও ডানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন l ছবি: প্রথম আলো
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল ডাচ্‌-বাংলা ব্যাংক বৃত্তি প্রদান অনুষ্ঠানে এক শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রীর বাঁয়ে ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ ও ডানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন l ছবি: প্রথম আলো

সুনামগঞ্জের ক্রিপেশ রঞ্জন রায়। কষ্টেসৃষ্টে উচ্চমাধ্যমিক পাস করে যখন সিলেট মেডিকেলে পড়ার সুযোগ পেলেন, তখন তিনি টাকার চিন্তায় অস্থির। এ সময় পেলেন ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি। বদলে গেল জীবন। এখন তিনি চিকিৎসক। গতকাল শনিবার সকালে ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে নিজেই ফেলে আসা দিনের কথা বলছিলেন। এই বৃত্তি না পেলে এত দূর আসতে পারতেন না, সে কথাও বললেন অকপটে।
রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ২ হাজার ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে এবার বৃত্তি দিয়েছে ব্যাংকটি।
প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সারা বছর ধরে এই অনুষ্ঠানে থাকার জন্য আমি দিন গুনি। এ জন্য ব্যাংক কর্তৃপক্ষকে বলি, যেন আমার সঙ্গে কথা বলে দিন ঠিক করেন।’ তিনি বলেন, ব্যাংকটির এই কার্যক্রম বলে দেয়, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম তারা কতটা নিষ্ঠার সঙ্গে পালন করে। এমন কার্যক্রমে অন্য প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। তাহলে অনেক মানুষ উৎসাহিত হবে।
অনুষ্ঠানের সভাপতি ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ বলেন, ‘সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এ জন্য আমরা এগিয়ে এসেছি। দেশের অনেক মেধাবী অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ জন্য ১৯৯৭ সাল থেকে আমরা এ শিক্ষা বৃত্তি দিচ্ছি।’
অনুষ্ঠানে জানানো হয়, এ পর্যন্ত মোট ৪৩ হাজার ৬২৮ শিক্ষার্থী ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির সুযোগ পেয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি তুলে দেওয়ার পর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন।