ডাচ-বাংলা চেম্বারের সভাপতি 'নিখোঁজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. হাসান খালেদ
মো. হাসান খালেদ

ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদ (৫৪) গত শনিবার থেকে ‘নিখোঁজ’ রয়েছেন। গতকাল রোববার রাত পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁকে অপহরণ করা হয়েছে, নাকি তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন—সে ব্যাপারে পুলিশ ও পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
পরিবারের সদস্যরা বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রতিদিন সকালে নাশতার আগে ওষুধ খান হাসান খালেদ। শনিবার সকালে নাশতা করতে এসে দেখেন, ওই ওষুধ শেষ। ওই ওষুধটি কেনার কথা বলে সকাল সাড়ে আটটার দিকে তিনি বাসা থেকে বের হন। বাসার পাশে একাধিক ওষুধের দোকান থাকায় ওষুধ কিনে ফিরতে তাঁর ৫ মিনিটের বেশি লাগার কথা নয়। কিন্তু ১৫ মিনিট পরও তিনি বাসায় ফেরেননি। নাশতা করতে দ্রুত বাসায় ফিরতে সকাল পৌনে ১০টার দিকে হাসান খালেদের মুঠোফোনে ফোন দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর তাঁর ফেরার অপেক্ষায় থাকেন তাঁরা। কিন্তু তিনি বাসায় ফেরেননি।
হাসান খালেদের ছোট বোনের স্বামী কাজী আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, হাসান খালেদের সঙ্গে দুটি মুঠোফোন ছিল। বাসায় না ফেরায় শনিবার সারা দিন ও রাতে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ঢাকায় পরিচিতজন সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কেউ তাঁর সন্ধান দিতে পারেননি। এরপর রাত একটার দিকে হাসান খালেদ বাসায় ফেরেননি জানিয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। হাসান খালেদের শ্যালক শরিফুল আলম জিডিটি করেন।
ঘটনাটি অপহরণ কি না, এ প্রশ্নে শরিফুল আলম বলেন, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। কারণ, গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি।
ব্যবসায়ী হাসান খালেদ তিন ভাইবোনের মধ্যে সবার বড়। স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে তিনি ধানমন্ডির ৪/এ সড়কের এক বাসায় থাকেন। ‘নিউ এরা ট্রেডিং’ নামে নিউ ইস্কাটনে তাঁর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসুন্ধরা সিটিতে একটি দোকান আছে।
নিউ এরা ট্রেডিংয়ের ব্যবস্থাপক (অপারেশন) রিয়াদ ফয়সাল বলেন, হাসান খালেদ তৈরি পোশাকের ব্যবসা করেন। তিনি হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক। খালেদের সঙ্গে কারও ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, দেনা-পাওনার বিষয়ে তিনি (খালেদ) খুবই সচেতন। তাঁর সঙ্গে কারও ব্যবসায়িক বিরোধ নেই।
পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে কি না, জানতে চাইলে হাসান খালেদের ছোট বোনের স্বামী কাজী আলাউদ্দিন বলেন, পরিবার বা প্রতিবেশী কারও সঙ্গেই হাসান খালেদের কোনো সমস্যার কথা তিনি কখনো শোনেননি।
জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, হাসান খালেদ কীভাবে নিখোঁজ হলেন সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন ট্র্যাকিংসহ বিভিন্ন উপায়ে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।