ডানা মেলল শকুন
বড় কাঠের বাক্স থেকে বের হয়ে এদিক-ওদিক চোখ বুলিয়ে নিল দুটি শকুন। উপস্থিত মানুষও তাকিয়ে আছে ওদের দিকে। নিরাপদ দূরত্বে থেকে ভিডিও ধারণের পাশাপাশি আলোকচিত্রীরা ছবি তুলছেন। এক মিনিটের মধ্যেই প্রকাণ্ড ডানা ঝাপটে শালবনের ওপর দিয়ে উড়ে চলে গেল শকুন দুটি।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া শালবনে এভাবে একে একে মুক্ত করে দেওয়া হয় আটটি হিমালয়ান গ্রিফিন বা হিমালয়ান শকুন। তিন মাসের চিকিৎসা ও পরিচর্যা শেষে ওরা উড়ে গেল হিমালয়ের দেশে।
সাবেক প্রধান বন সংরক্ষক ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা আবদুল আউয়াল সরকার, সিংড়া ফরেস্টের বাংলা শকুন প্রকল্পের কর্মকর্তা এ বি এম সারোয়ার আলম, দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের বন কর্মকর্তা মো. আবদুস সালাম এ সময় উপস্থিত ছিলেন। শকুনের উড়ে যাওয়ার দৃশ্য দেখতে শালবনের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ক্ষীণধার নর্ত্ত নদের উত্তর পারে জমা হয়েছিল কয়েক শ গ্রামবাসীও।
ইশতিয়াক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, শকুন প্রকৃতির ঝাড়ুদার। এ দেশে অ্যানথ্রাক্স রোগের প্রধান কারণ হলো বাংলা শকুন বিলুপ্ত হওয়া। একমাত্র শকুন এ রোগের জীবাণু খেয়ে হজম করতে পারে। একসময় দেশে বাংলা শকুনের সংখ্যা ছিল প্রায় চার কোটি। বর্তমানে তা কমে ২০০ থেকে ২৫০-তে নেমে গেছে। এর প্রধান কারণ হলো দেশে মানুষ ও বিভিন্ন প্রাণীর চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কিটোপ্রোফেন নামক দুটি ওষুধের অবাধ ব্যবহার। এসব ওষুধে চিকিৎসা গ্রহণকারী পশু মরে গেলে সেই পশুর মাংস শকুনেরা খায়। এরপর কিডনি অকেজো হয়ে প্রাণীগুলো মারা যায়।
ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, তাপমাত্রা হিমাঙ্কের ৮ থেকে ১০ ডিগ্রি নিচে নেমে গেলে খাবারের খোঁজে শকুনেরা প্রতিবছর শীতকালে বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর জেলায় চলে আসে। তবে খাবার না পেয়ে কিছু শকুন দুর্বল হয়ে মাটিতে পড়ে যায়।