ডান্ডাবেড়িতে বন্দী নিজামের জীবন
গলা থেকে পা পর্যন্ত শিকল দিয়ে মোড়ানো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন তিনি। দেখে মনে হবে, কারাগারের দণ্ড পাওয়া আসামি। কারাগারে নয়, বাড়িতে থাকেন তিনি।ডান্ডাবেড়ি পরানো ওই ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩৬)। তাঁর বাড়ি পাবনার চাটমোহর উপজেলার বাহাদুরপুর গ্রামে। বাবা জয়নাল উদ্দিন কৃষিকাজ করেন। জয়নালের তিন ছেলেমেয়ে। নিজাম সবার বড়। মেঝ ছেলে বিদেশে থাকেন। ছোট ছেলে ঢাকায় লেখাপড়া করে। মেয়ের বিয়ে হয়ে গেছে। কিন্তু মানসিক ভারসাম্যহীন হওয়ায় এবং নির্যাতন চালানোর অজুহাতে বছর ধরে পরিবারের সদস্যরা নিজামকে ডান্ডাবেড়ি পরিয়ে রেখেছেন।মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান জানান, একজন মানুষের হাত, পা ও গলায় দীর্ঘদিন শিকল পরিয়ে রাখাটা অমানবিক। মানুষ হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়াটা তাঁর মৌলিক অধিকার।গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাহাদুরপুর গ্রামের পাকা সড়কের পাশে নিজামদের আধা পাকা ঘর। ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হচ্ছেন তিনি। তাঁর গলায় মোটা লোহার বেড়ি। সেখান থেকে শিকল নেমে গেছে হাতে। হাতে মোটা লোহার বেড়ির সঙ্গে শিকল। কোমরে আরেকটি লোহার বেড়ি। সেখান থেকে আরেকটি শিকল নেমে গেছে পায়ে। সেখানেও মোটা লোহার বেড়ির সঙ্গে শিকল পরানো।এ ব্যাপারে নিজাম উদ্দিন বলেন, ‘আমাক বেড়ি খুলে দেন। আমি ঘুরে বেড়াতে চাই। যা খুশি করব। আমাক ভালো খাবের দেয় না। ভালো কাপড় দেয় না। আমাক পাগল বানায়ে রাখিছে। জমিজমার জন্যি ওরা এসব করতিছে। আমি কি পাগল। ওরাই আমাক পাগল বানায়ে রাখিছে।’এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০ বছর আগে নিজাম উপজেলার মথুরাপুর বাজারে মুদি দোকান দেন। বাজারের পাশে কোনো এক মেয়ের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন তিনি। একপর্যায়ে মেয়েটির বিয়ে হয়ে যায়। এর পর থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।নিজামের বাবা জয়নাল উদ্দিন জানান, ২০০৮ সালের আগস্টে নিজামকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। দুই মাস সেখানে তাঁর চিকিৎসা চলে, এতেও কোনো ফল হয় না। চিকিৎসাধীন অবস্থায় তিনি ঠিকমতো ওষুধ খেতেন না। হাসপাতালে অন্য রোগীদের জ্বালাতন করতেন। এ কারণে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। বাড়িতে এসেও নিজাম পরিবারের সদস্য ও গ্রামের লোকদের মারধর করতেন। পরে গ্রামবাসীর পরামর্শে ২০০৯ সাল থেকে নিজামকে শিকল দিয়ে বেঁধে রাখার উদ্যোগ নেওয়া হয়।গ্রামবাসী জানান, নিজাম বাড়িতে একটু ঝামেলা করলেও বাইরে কাউকে কিছু বলেন না। তিনি ভালো খেতে চান, ভালো কাপড় পরতে চান, বেড়াতে চান। পরিবারের সদস্যরা তাঁর আবদার না শুনলেই তিনি খেপে যান। এ কারণে তাঁকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে।