মহেশখালীর চারজনকে কারাগারে প্রেরণ, আরেকজন গ্রেপ্তার
ডান্ডাবেড়িসহ আসামিকে হাজির, ট্রাইব্যুনালের অসন্তোষ
ডান্ডাবেড়ি পরিয়ে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করায় কারা কর্তৃপক্ষের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কোন ক্ষমতাবলে আসামিদের ডান্ডাবেড়ি পরিয়ে হাজির করা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে কারা মহাপরিদর্শককে (আইজি প্রিজন) এর জবাব দিতে বলেছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২। তাঁদের মধ্যে ওসমান গনি, জিন্নাত আলী ও নুরুল ইসলামকে ওই দিন এবং পরদিন শুক্রবার আরেক আসামি বাদশা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাঁদের কারাগার থেকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাষ্ট্রপক্ষের একজন কৌঁসুলি জানান, ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর আগে হাজতখানায় থাকতেই দুজন আসামির ডান্ডাবেড়ি কেটে ফেলতে সক্ষম হয় পুলিশ। বাকি দুজনের ডান্ডাবেড়ি কাটার আগেই কার্যক্রম শুরু হয়ে যায়। তখন ওই দুজনকে ডান্ডাবেড়ি পরা অবস্থায় ও অন্য দুজনকে ডান্ডাবেড়ি ছাড়া এজলাসে হাজির করা হয়।
শুরুতে রাষ্ট্রপক্ষের কাছে আসামিদের ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল বলেন, এটা রাষ্ট্রপক্ষের জানা নেই। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কক্সবাজার থেকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ঢাকায় আনা হয়েছে এবং সেভাবেই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কারা কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, কোন ক্ষমতাবলে ও আইনের আওতায় আসামিদের ডান্ডাবেড়ি পরানো হয়েছে, তা সাত দিনের মধ্যে আইজি প্রিজনকে জানাতে হবে।
জানতে চাইলে তাপস কান্তি বল প্রথম আলোকে বলেন, দুই ট্রাইব্যুনালই আসামিদের ডান্ডাবেড়ি পরানোর বা যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। ট্রাইব্যুনাল-২ এর আগে বলেছেন, কোনো আসামিকে যেন ডান্ডাবেড়ি পরানো না হয়। তারপরও ডান্ডাবেড়ি পরিয়ে আসামি হাজির করায় ট্রাইব্যুনাল কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
প্রথম আলোর মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৬ জনের মধ্যে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর নাম শামসুদ্দোহা (৮৩)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গতকাল ভোররাত চারটার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়। ট্রাইব্যুনাল মহেশখালীর যে ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এ নিয়ে তাঁদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
রাষ্ট্রপক্ষ জানায়, একই মামলার সূত্র ধরে এর আগে আরও তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। তাঁরা হলেন বিএনপির নেতা মো. রশিদ, সালামত উল্লাহ খান ও মো. জাকারিয়া। গত ১ মার্চ রশিদ ও সালামতকে গ্রেপ্তার করে পুলিশ। জাকারিয়া এখনো পলাতক।