ডাবল রেললাইন স্থাপনের সিদ্ধান্তে আনন্দ শোভাযাত্রা
জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ (ডাবল লাইন) রেললাইন স্থাপনে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে গতকাল শনিবার ময়মনসিংহ শহরে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
জনউদ্যোগ সূত্রে জানা যায়, সম্প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে গাজীপুরের জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে জামালপুর পর্যন্ত ডুয়েল গেজ রেললাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন কমিটি ও জনউদ্যোগ দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিল। এই দাবিতে সংগঠন দুটি বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করেছে। সরকার এই দাবি পূরণ করায় জনউদ্যোগের পক্ষ থেকে গতকাল সকাল ১০টায় শহরের রেলওয়ে স্টেশন চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। এটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। জনউদ্যোগের আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, নাগরিক আন্দোলনের সভাপতি আনিসুর রহমান খান, মানবাধিকার কমিশনের সভাপতি এ এইচ এম খালেকুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি বাঁধন কুমার গোস্বামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি এমদাদুল হক মিল্লাত প্রমুখ।