ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনকে দ্বৈত লাইনে উন্নীত করার দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। মানববন্ধনে এ মাসের মধ্যে দ্বৈত লাইনের কাজ শুরু না হলে আন্দোলনের হুমকি দেওয়া হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও নাগরিক কমিটি সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে নারায়ণগঞ্জ রেলস্টেশনে ওই মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কার্যকরী সদস্য সুজিত সরকার। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক নিখিল দাস, কৃষক শ্রমিক জনতা লীগের নারায়ণগঞ্জের সভাপতি শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম, সাবেক সভাপতি প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক ধীমান সাহা, প্রমুখ।
মানববন্ধনে গিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের লোকজন একাত্মতা প্রকাশ করেন।
বক্তারা বলেন, দ্বৈত লাইনের বিষয়ে ব্যবস্থা নিতে আজ রোববার রেলমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। এ মাসের মধ্যে এ রুটে দ্বৈত লাইনের কাজ শুরু না হলে সহযোগী সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলন করা হবে।