ডাবিং সিরিয়াল বন্ধে চ্যানেলগুলোকে সময় বেঁধে দিয়েছেন শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাব করা বিদেশি সিরিয়াল বন্ধ করতে টেলিভিশন চ্যানেলগুলোকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন। এই সময়ের মধ্যে দাবি না মানলে চ্যানেলগুলোর সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে তারা। একই সঙ্গে সরকারকে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের সব দাবি মেনে নিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে সংগঠনটি।

আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঁচ দফা দাবিতে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের সমাবেশে সংগঠনটির আহ্বায়ক নাট্যকার মামুনুর রশীদ এই কর্মসূচি ঘোষণা করেন।
সমাবেশে উত্থাপিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান বন্ধ; টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারে ক্লায়েন্ট বা এজেন্সির ব্যতীত চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রণ; টেলিভিশন শিল্পের সব ক্ষেত্রে আগাম আয়কর বা এআইটি পুনর্নির্ধারণ; টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে এবং ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে হবে।
মামুনুর রশীদ সমাবেশে বলেন, ‘আমাদের পাঁচ দফা দাবির মধ্যে বেশ কটি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। সরকারকে আমরা ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি না মানলে ১ জানুয়ারি থেকে দুর্বার গণ-আন্দোলন শুরু করব।’ তিনি বলেন, ‘যদি কোনো চ্যানেলে ১৫ ডিসেম্বরের পর একটি ডাবিং সিরিয়াল চলে, তাহলে আমরা সেই চ্যানেলের সামনে অবস্থান নেব। ১৬ ডিসেম্বর আমরা বাংলাদেশে ডাবিংমুক্ত চ্যানেল চাই।’
মামুনুর রশীদ আরও বলেন, ‘যদি কোনো চ্যানেল আমাদের একজন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় বা ব্ল্যাক লিস্ট করে, তাহলে প্রত্যেকে তাঁর পাশে দাঁড়াব। কাজেই ষড়যন্ত্রের কোনো অবকাশ নেই। কোনো চ্যানেল যদি নিজের থেকে রুগ্‌ণ হয়ে যায়, তাহলে আমরা তা বাঁচাতে এগিয়ে আসব। কোনো চ্যানেল বন্ধ হোক চাই না। আমাদের কলাকুশলীরা সরকারের পলিসির কারণে রুগ্‌ণ হয়ে যাবে, এটা আমরা হতে দেব না।’