ডামুড্যায় এসআইয়ের অস্বাভাবিক মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল আলম গত রোববার রাতে আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার রহমতপুর গ্রামে।ডামুড্যা থানা সূত্র জানায়, এসআই নুরুল আলম গভীর রাত পর্যন্ত থানায় দাপ্তরিক দায়িত্ব পালন করেছেন। রাত একটার দিকে তিনি থানা অভ্যন্তরের কোয়ার্টারে ঘুমাতে যান। গতকাল সোমবার দুপুর পর্যন্ত তিনি থানায় না ফেরায় তাঁর মুঠোফোনে কল করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে তাঁর সহকর্মীরা বাসায় গিয়ে দেখেন, ভেতর থেকে ঘরের দরজা-জানালা বন্ধ। কিন্তু জানালার ফাঁক দিয়ে তাঁর দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ভূঁইয়া জানান, এসআই নুরুল আলমের আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তাঁর পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।জানা গেছে, এসআই নুরুল আলম চার-পাঁচ বছর আগে পুলিশ বাহিনীর সদস্যপদ লাভ করেন।