ডামুড্যায় বরযাত্রীবাহী বাস খাদে, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় গতকাল মঙ্গলবার দুপুরে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এদিন আরও তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে চারজনের।

এ নিয়ে গত ২১০ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৮৫। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ডামুড্যা উপজেলার মডেরহাট গ্রামে দুপুরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। তাঁরা হলেন একই উপজেলার বিশ্বাসকান্দি গ্রামের মনির ব্যাপারীর ছেলে রুবেল ব্যাপারী (২৩) ও সেলিম সিকদারের ছেলে তাজুল সিকদার (২৪)। এ দুর্ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। ওই গ্রাম থেকে বাসটি ৭০ জন বরযাত্রী নিয়ে সদর উপজেলার দরিহালা গ্রামে কনের বাড়ি যাচ্ছিল।

ফরিদপুরের নগরকান্দার তালমা ইউনিয়নের মনোহরপুর গ্রামে ট্রাকচাপায় আমীর হামজা (৪) নামের একটি শিশু নিহত হয়েছে। সকাল নয়টার দিকে নিজের স্কুল মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই এ দুর্ঘটনা ঘটে। সে মনোহরপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

গাজীপুর জেলার শ্রীপুরের ২ নম্বর সিঅ্যান্ডবি এলাকায় গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় সোহাগ (২৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গয়েশপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মোটরসাইকেল-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। তাঁরা হলেন চর চোরাবালি গ্রামের আবদুর রহিমের ছেলে ফল বিক্রেতা মো. বাবলু (১৮) ও বেলাল মাঝির ছেলে সাহাদাত হোসেন (২০)। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মৌলভীরকুম এলাকায় দুপুরে সেনাবাহিনীর একটি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চার সেনাসদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সেনাবাহিনীর চকরিয়ার ফাঁসিয়াখালীর ২ ব্রিগেডের ল্যান্স করপোরাল জিয়াউর রহমান (৩৮), সৈনিক কাউছার ইসলাম (২৩), করপোরাল কামরুজ্জামান (৩৮) ও সৈনিক সাইদুর রহমান (২৮)।