ডামুড্যায় সানশেড ধসে নির্মাণশ্রমিকের মৃত্যু
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা এলাকায় ভবনের সানশেড ধসে বাবুল মাদবর নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিককে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।
ডামুড্যা থানা-পুলিশ সূত্র জানায়, পৌরসভা এলাকায় ১০-১২ দিন আগে অ্যাডভোকেট আবু সাঈদের ব্যবসাপ্রতিষ্ঠানের পুরোনো টিনশেড বিল্ডিংয়ের সানশেডের ছাদ ঢালাই করা হয়। গতকাল রোববার সকাল ১০টার দিকে ডামুড্যা পৌরসভা এলাকার কুলকুড়ি গ্রামের নির্মাণশ্রমিক বাবুল মাদবর (৪০) ও একই উপজেলার কনেশ্বর আতলাকুড়ি গ্রামের আবুল বাশার পাইক (৫০) সানশেডের ছাদের নিচে দাঁড়িয়ে ছাদের সেন্টারিংয়ের বাঁশের খুঁটি খোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে সানশেডের ছাদ ধসে পড়ে তাঁরা দুজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মাতবরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আবুল বাশার পাইককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
ডামুড্যা থানার উপপরিদর্শক (এসআই) খবির উদ্দিন বলেন, পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের উপস্থিতিতে নিহত ব্যক্তির পরিবার ও তাঁর স্বজনদের সুপারিশে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। তাঁরা মামলা করতেও চাচ্ছেন না। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
নিহতের স্ত্রী পারুল বেগম বলেন, ‘আমরা কোনো মামলা-মোকদ্দমা করব না। আইনি কোনো ঝামেলায় যেতে চাই না। এ কারণে ময়নাতদন্ত ছাড়াই মাটি দিয়ে ফেলেছি।’