হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর পাশের এলাকায় ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ কাজের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন।
‘সীমানাপ্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’ শিরোনামে গতকাল একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এ-সংক্রান্ত একাধিক প্রতিবেদন যুক্ত করে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রানা কাওসার।
পরে আইনজীবী রানা কাওসার প্রথম আলোকে বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উত্তর প্রান্তে জসীমউদ্দীন সড়কের পশ্চিমে বিমানবন্দরের পুরাতন নিরাপত্তাপ্রাচীর-সংলগ্ন এলাকায় ২৫ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন ময়লা ফেলার জন্য ডাম্পিং স্টেশন (ডাস্টবিন) নির্মাণ কার্যক্রম শুরু করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনকে দুটি চিঠি দেয়। এসব যুক্ত করে রিটটি করে আদালত নির্মাণ কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, আবদুল মতিন খসরু ও নাজনীন আরা আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান।
রুলে ডাম্পিং স্টেশন নির্মাণ কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ ছয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতে আন্তর্জাতিক ওই বিমানবন্দরের পুরাতন নিরাপত্তা সীমানাপ্রাচীরের ২৫ মিটারের মধ্যে স্থাপনা না করতে ৫ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উত্তর সিটি করপোরেশনকে চিঠি দেয়। এর ভাষ্য, ওই ডাম্পিং স্টেশন পুরাতন প্রাচীরের ২৫ মিটারের মধ্যে স্থাপন করা হলে সেখানে ঝাঁকে ঝাঁকে পাখির আগমন ঘটবে। এতে নিরাপদে বিমান উড্ডয়ন ও অবতরণ বিঘ্নিত হতে পারে অর্থাৎ বিমানের ডানায় পাখি প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিমানবন্দর প্রথম শ্রেণির কেপিআই বিবেচনায় এর চার পাশে সীমানাপ্রাচীরের ২৫ মিটারের মধ্যে ওই স্টেশন নির্মাণ না করতে অনুরোধ করা হয়। এর আগে ১ ফেব্রুয়ারি আরেকটি চিঠি দেওয়া হয়।