ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব, এক সপ্তাহে শিশুসহ আক্রান্ত ৪০০
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে তিন শতাধিক ছাড়িয়ে গেছে। হাসপাতালগুলোতে ভর্তি হয়ে অন্তত দুই শতাধিক রোগী চিকিৎসা নিয়েছে। আক্রান্তদের প্রায় অর্ধেকই শিশু। পর্যাপ্ত শয্যার অভাবে তাদের অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, পরিস্থিতি সামাল দিতে মাঠকর্মীদের সতর্ক করা হয়েছে। জেলার উপস্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ওষুধ পাঠানো হচ্ছে। বিশুদ্ধ পানিসংকটের কারণে আকস্মিকভাবে ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়ে গেছে। শীতের কারণে নিউমোনিয়া বেড়েছে।
বিভিন্ন হাসপাতাল সূত্র জানায়, ইউনিয়ন পর্যায়ের চেয়ে পৌর শহরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। তবে ইউনিয়নগুলোতে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। শুধু ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী আসছে। ৮ নভেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে ৯৬ জন। এর মধ্যে ৩৭ জন শিশু ও ৫৯ জন প্রাপ্তবয়স্ক। একই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ২৫ জনের মধ্যে ২১ জনই শিশু। পৌর শহরের ১৫টি বেসরকারি হাসপাতালে একই সময়ের মধ্যে এ দুটি রোগে আক্রান্ত হয়ে অন্তত ৭৫ জন ভর্তি হয়েছে। চিকিৎসা নিয়েছে প্রায় ২০০ জন।
গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, শিশু ওয়ার্ডে শয্যার সংখ্যা ১৪। এর মধ্যে ডায়রিয়ার রোগীর জন্য ছয়টি, অপুষ্টির জন্য তিনটি, অন্যান্য রোগের জন্য দুটি আর নিউমোনিয়ার জন্য তিনটি শয্যা বরাদ্দ। নিউমোনিয়ার তিনটি শয্যা থাকলেও গতকাল ভর্তি ছিল ১২ জন শিশু। ফলে বেশ কয়েকজন শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জ্যেষ্ঠ নার্স চন্দ্রনা রানী বর্মণ একাই ওয়ার্ড সামলাচ্ছেন। মায়েরা নিজেরাই শিশুদের নেবুলাইজার দিচ্ছেন।
উপজেলার রাজনগর গ্রামের গৃহবধূ কাকলি বেগম তাঁর চার মাস বয়সী মেয়ে তৈয়বাকে নিয়ে পাঁচ দিন আগে হাসপাতালে আসেন। শয্যা না পাওয়ায় শিশুটির স্থান হয়েছে মেঝেতে। তৈয়বা নিউমোনিয়ায় আক্রান্ত। কাকলি বেগম বলেন, ‘আইছি ঠান্ডার অসুখ লইয়া। ঠান্ডার অসুখ ঠান্ডা মেঝেতে রাইখা ভালা করব কেমনে।’
একই অভিযোগ নিউমোনিয়ায় আক্রান্ত সাড়ে তিন মাস বয়সী শিশু সাইফুর রহমানের মা নাদিরা বেগমের। তিনি বলেন, ওয়ার্ডের কয়েকটি জানালা নষ্ট হয়ে গেছে। বন্ধ করা যায় না। এ কারণে বাইরের দিক থেকে ঠান্ডা বাতাস ভেতরে আসে।
শিশু ওয়ার্ডের চিকিৎসক দিদারুল ইসলাম বলেন, ডায়রিয়া মূলত পানি ও খাদ্যবাহিত রোগ। শীতের শুরু ও শেষ সময়টা নিউমোনিয়ার জন্য বিপজ্জনক। এ সময় শিশুদের শরীরে গরম কাপড় পরিয়ে সাবধানে রাখার পরামর্শ দেন তিনি। মেঝেতে রেখে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া উচিত নয়। জানালা নষ্ট। কী করা, কোনো উপায় নেই।