ডায়াবেটিক সমিতির মহাসচিবকে অপসারণ
নরসিংদী ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের মহাসচিব এম আবদুস সালামকে গত বুধবার রাতে অপসারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর কক্ষ সিলগালা রাখারও সিদ্ধান্ত হয়েছে।
সালামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, হাসপাতালে মাদক সেবনসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্তের সত্যতা পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এম আবদুস সালামের বিরুদ্ধে হাসপাতালে কর্মরত নারী কর্মচারীদের উত্ত্যক্ত করা, হাসপাতালে বসে মাদক সেবন, আর্থিক অনিয়মে জড়িয়ে পড়া, ক্ষমতার অপব্যবহারসহ স্বেচ্ছাচারিতার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১৭ অক্টোবর নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেনকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।
তদন্ত কমিটি অভিযোগকারীদের জবানবন্দি, নির্বাহী পর্ষদ, আজীবন সদস্য ও অভিযুক্ত আবদুস সালামের স্ত্রী সাহিদা সুলতানার সাক্ষ্যগ্রহণ শেষে গত বুধবার রাতে তদন্ত প্রতিবেদন দেন। মহাসচিবের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে তদন্ত কমিটি।
পরে বুধবার সমিতির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী পর্ষদের জরুরি সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। সভায় মহাসচিবের বিরুদ্ধে আনা অভিযোগ ও তদন্ত প্রতিবেদন বিশ্লেষণের মাধ্যমে সমিতির কার্যনির্বাহী পর্ষদ মহাসচিবের অপসারণের দাবি জানায়। এ সময় আবদুস সালাম নিজেকে নির্দোষ দাবি করে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করলে প্রতিমন্ত্রীর সিদ্ধান্তে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগমকে প্রধান করে পুনরায় তিন সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত কার্যদিবসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
তবে সভায় এ তদন্ত প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত মহাসচিবের পদ থেকে আবদুস সালামকে অপসারণ ও তাঁর কক্ষ সিলগালা করার সিদ্ধান্ত হয়। সভা শেষে রাত ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজ হাসপাতালে মহাসচিবের কক্ষটি সিলগালা করেন।
এ ব্যাপারে এম আবদুস সালাম বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’
জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তির নারাজির পরিপ্রেক্ষিতে পুনরায় তদন্ত কমিটি করা হয়েছে।