ডায়াবেটিস চিকিৎসায় এক টাকা খরচে তিন টাকা লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিসের চিকিৎসা ও নিয়ন্ত্রণে অর্থ খরচ করলে কোনো ক্ষতি নেই। রোগের প্রকোপ এবং এর পেছনে ব্যয় বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক দেখেছেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে কাজে লাগিয়ে ডায়াবেটিসের চিকিৎসায় যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে, তার তিন গুণ সুবিধা বা লাভ পাওয়া যাবে।
বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রাধিকার চিহ্নিত করার লক্ষ্যে গতকাল সোমবার আয়োজিত কর্মশালায় রুমানা হক তাঁর বিশ্লেষণের ফল উপস্থাপন করেন। বেসরকারি সংস্থা ব্র্যাক ও ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান কোপেনহেগেন কনসেনসাস সেন্টার তিন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করেছে।
ব্র্যাক সেন্টারে আয়োজিত এ কর্মশালায় রুমানা হক তাঁর উপস্থাপনায় দেখিয়েছেন, ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসায় একজন মানুষের পেছনে ৩০ বছরে খরচ হবে ১ হাজার ৬৩ মার্কিন ডলার। কিন্তু সঠিক চিকিৎসায় কর্মক্ষমতা ফিরে পাওয়ার মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে ৩ হাজার ১৯০ ডলারের সেবা বা সুবিধা পাওয়া যাবে। তার মানে এক টাকা বিনিয়োগে তিন টাকা লাভ পাওয়া যাবে।
উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের অগ্রাধিকার কী হওয়া উচিত, তা চিহ্নিত করতে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং তা থেকে লাভ নিয়ে গবেষণা করেছে কোপেনহেগেন কনসেনসাস সেন্টার ও ব্র্যাক। রুমানা হকের গবেষণা তারই অংশ। গবেষণার ফলাফল কর্মশালায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত প্যানেলের সামনে উপস্থাপন করা হয়। প্যানেলের সদস্যরা হচ্ছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ফিন কিডল্যান্ড, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কে এ এস মুরশিদ, ব্র্যাকের ভাইস চেয়ারপারসন আহমদ মোশতাক রাজা চৌধুরী, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমাদ। দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কর্মশালায় অংশ নিচ্ছেন। আগামীকাল বুধবার কর্মশালা শেষ হবে।
কর্মশালার পর রুমানা হক বলেন, ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময়যোগ্য রোগ নয়। এটি নিয়ন্ত্রণে না থাকলে মানুষ কর্মক্ষমতা হারায়। নিয়ন্ত্রণে রাখলে যে কর্মক্ষমতা পাওয়া যায়, সেটাই লাভ। চিকিৎসায় বিনিয়োগ করলে এই লাভটা পাওয়া যাবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, লাভ-লোকসানের এই বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অনেকে মনে করেন, রোগের পেছনে খরচ করলে শুধু খরচই হয়, লাভ হয় না।
ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের ২০১৫ সালের হিসাব বলছে, দেশে ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ৭০ লাখ মানুষ। রুমানা হক বিশ্লেষণে ২৫ বছর বা তার বেশি বয়সী মানুষকে স্ক্রিনিং করা এবং শনাক্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনার কথা বলেছেন। এ ক্ষেত্রে তিনি অবকাঠামো হিসেবে কমিউনিটি ক্লিনিক ব্যবহার করার প্রস্তাব করেছেন।
রুমানা হক প্রথম আলোকে বলেন, সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু আছে। এখানে যাঁরা কাজ করছেন, তাঁদের ডায়াবেটিস নির্ণয় করার প্রশিক্ষণ দেওয়া আছে। এই অবকাঠামো কাজে লাগিয়ে সারা দেশে স্ক্রিনিং করা যাবে। রোগ ধরা পড়লে উপজেলা বা জেলা হাসপাতালে চিকিৎসার জন্য তাদের পাঠানো যাবে। গতকাল কর্মশালায় স্বাস্থ্য ছাড়াও পরিবেশ, শিল্পনীতি, যাতায়াত অবকাঠামো, দারিদ্র্য, জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হয়। আজ দ্বিতীয় দিনে কর্মশালায় জ্বালানি অবকাঠামো, খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কৃষি, জেন্ডার, অভিবাসন, ডিজিটাল বাংলাদেশ নিয়ে আলোচনা হবে।