ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স্কদের পাশাপাশি বাংলাদেশে শিশুদের মধ্যেও ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে। ডায়াবেটিস দেশের টেকসই উন্নয়নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। মানুষকে এ ব্যাপারে সচেতন করা দরকার। নতুন প্রজন্মকে ডায়াবেটিস থেকে রক্ষা করতে শিশুকাল থেকেই স্বাস্থ্যকর খাদ্যে অভ্যস্ত করতে হবে।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর বারডেম মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ কথা বলেন। সভাটি আয়োজন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
সভায় প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, দেশে শিশুদের ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশুরা যেন স্বাস্থ্যসম্মত খাবার খায় সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারডেমের ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগের পরিচালক অধ্যাপক শুভাগত চৌধুরী। তিনি বলেন, টেকসই উন্নয়নে বাধা হয়ে দাঁড়াতে পারে ডায়াবেটিস। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শরীরচর্চার মাধ্যমে এই বাধা অপসারণ হতে পারে।
সভায় ‘ফাস্ট ফুড’ জাতীয় খাবার পরিবেশন না করার নির্দেশ দেন বারডেমের মহাপরিচালক অধ্যাপক নাজমুন নাহার। তিনি বলেন, ‘আমরা সবাইকে বলি ফাস্ট ফুড না খেতে। সেখানে আমরা খেলে কীভাবে হবে।’ সমিতির সহসভাপতি অধ্যাপক এ আর খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসম্মত খাবারই ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম উপায়’।