জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি প্রতিষ্ঠানের (নিকডু) ডায়ালাইসিস কেন্দ্রের পরিস্থিতি জানতে তিন সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুনুর রশিদ খানকে এই কমিটির প্রধান করা হয়েছে।
সূত্র বলেছে, ২০ জানুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘নতুন ডায়ালাইসিস কেন্দ্রে একই ডায়ালাইজার বারবার ব্যবহার’ শিরোনামে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ কমিটি করে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
নিকডুর ডায়ালাইসিস কেন্দ্রটি চলছে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায়। এ নিয়ে ভারতের সেন্ডর কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশ সরকারের। রোগীদের অভিযোগ উদ্ধৃত করে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, পিপিপির আওতায় নতুন ডায়ালাইসিস কেন্দ্রে রোগীরা মানসম্পন্ন সেবা পাচ্ছেন না। এ নিয়ে রোগীরা নিকডুর পরিচালকের কাছে লিখিত অভিযোগও করেছেন। তাতে তাঁরা বলেছেন, ব্যবহারের পর ফেলে দেওয়ার কথা থাকলেও একই ডায়ালাইজার বারবার ব্যবহার করা হচ্ছে। এতে রোগীরা অসুস্থ হয়ে পড়ছেন।