ডারমাটোলজির সনদ বিতরণ
সার্টিফিকেট কোর্স অব ডারমাটোলজির (চর্ম) সনদ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই কোর্সের সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, পৃথিবীকে পরিবর্তন করেছে তরুণেরা। তরুণেরা মৃত্যুকে ভয় করে না। মুক্তিযুদ্ধ সময়কাল ও উপাচার্য থাকাকালে নানা বিষয়ে স্মৃতিচারণা করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হলি ফ্যামিলি হাসপাতালের চর্ম বিভাগের অধ্যাপক সৈয়দ আফজালুল করিম। তিনি ডারমাটোলজি কোর্সের নানা কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আরও ছিলেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চর্ম বিভাগের প্রধান মো. শহিদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্ম বিভাগের অধ্যাপক লে. কর্নেল (অব.) এম এ ওয়াহাব ও সহযোগী অধ্যাপক এ টি এম আসাদুজ্জামান।