ডাল ও কৃষি গবেষণাকেন্দ্রের ২৮ শ্রমিকের মজুরি বন্ধ
অর্থসংকট দেখিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত ডাল গবেষণাকেন্দ্র এবং আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের ২৮ জন অস্থায়ী শ্রমিকের মজুরি বন্ধ করে দেওয়া হয়েছে। ‘কাজ না থাকলে মজুরি নেই’ শর্তে অস্থায়ী ভিত্তিতে কাজ করা ওই শ্রমিকদের প্রায় আড়াই মাস মজুরি দেওয়া বন্ধ রয়েছে। কাজ ফিরে পাওয়ার জন্য তাঁরা বেশ কিছুদিন থেকে আন্দোলন করে আসছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাল গবেষণাকেন্দ্র এবং আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্র এই দুটি প্রতিষ্ঠানে বর্তমানে ৮২ জন নিয়মিত ও ২৯ জন অনিয়মিত শ্রমিক রয়েছেন। এর মধ্যে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালকের আদেশে নতুনভাবে আরও ২৮ জনকে অস্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া ব্যক্তিদের কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, এমএলএসএস, ওয়ার্কশপ হেলপার, পাহারাদার ইত্যাদি পদের জন্য নেওয়া হলেও ‘কাজ না থাকলে মজুরি নেই’ শর্তে দৈনিক ২৬০ টাকা মজুরিতে খামারের মাঠশ্রমিক হিসেবে তাঁদের কাজ করানো হচ্ছিল। একই ক্যাম্পাসের মধ্যে এই দুটি প্রতিষ্ঠান অবস্থিত। একই ব্যবস্থাপনায় এসব শ্রমিক দুই প্রতিষ্ঠানেই কাজ করে আসছিলেন।²গত ১ মে থেকে মৌখিক নির্দেশে তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়। ফলে তাঁদের মজুরিও বন্ধ রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠান দুটিতে মোট ১১১ জন শ্রমিক দৈনিক হাজিরার (মজুরি) ভিত্তিতে কাজ করছেন। তাঁরাও অস্থায়ী শ্রমিক। সরকারি বিধি অনুযায়ী তাঁরা নিয়মিত হাজিরা পাচ্ছেন। কিন্তু অর্থের অভাব ও বিশেষ কারণ দেখিয়ে ২৮ জন নারী-পুরুষ শ্রমিককে প্রায় তিন মাস থেকে কাজে নেওয়া হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে তাঁদের বাদ দেওয়া হয়েছে। বর্তমানে কাজ না থাকায় তাঁরা অর্থকষ্টের মধ্যে পড়েছেন। অনেকে এবার পরিবার নিয়ে ঈদও করতে পারেননি। খামারশ্রমিক (পদ কম্পিউটার অপারেটর) মেহেদী হাসান জানান, প্রায় আড়াই মাস কাজ না থাকায় তাঁর মজুরিও বন্ধ। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে তিনি অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে।
শ্রমিকেরা অভিযোগ করেন, চাকরি হারানোর কষ্টের কথা জানাতে ও কাজ ফিরে পেতে গতকাল বৃহস্পতিবার কৃষি ও ডাল গবেষণা ক্যাম্পাসে তাঁরা একটি সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিলে কয়েকজন কর্মকর্তা হুমকি দেন। ভীত হয়ে শ্রমিকেরা সংবাদ সম্মেলন বন্ধ রাখেন।
এ প্রসঙ্গে ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশেষ আদেশে ২৮ জন অস্থায়ী খামারশ্রমিকের কাজ বন্ধ রাখা হয়েছে। তা ছাড়া কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রয়োজনীয় অর্থ পাওয়া যাচ্ছে না। ফলে আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও তাঁদের কাজ দিতে পারছি না। কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করে ২৮ জনের কাজ পুনরায় ফিরে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ সংবাদ সম্মেলন বন্ধ করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কারা হুমকি দিয়েছে তা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’