ডাল ছাঁটাইয়ের কথা বলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার পাশে গাছের কিছু ডাল ছাঁটাইয়ের কথা বলে সিলেট নগরের সুবিদবাজার এলাকায় পিটিআইয়ের সামনে ১১টি গাছের কিছু ডালপালা ও দুটি গাছের সব ডাল কেটে ফেলেছে বিদ্যুৎ বিভাগ। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত গাছগুলোর ডালপালা কাটা হয়।
প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সামনে দুটি ও সীমানাপ্রাচীরের ভেতর ১১টি গাছের ডালপালা কেটে ফেলার আগে বিদ্যুৎ বিভাগ কারণ সম্পর্কে লিখিতভাবে কিছু জানায়নি। বিদ্যুৎ উপকেন্দ্রের লাইন হবে—এ বিষয়টি পিটিআই কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েই গাছ কাটা শুরু করা হয়।
পিটিআই সূত্র জানায়, রেইনট্রি প্রজাতির গাছগুলো পিটিআই ক্যাম্পাসে সবুজছায়া হিসেবে রয়েছে। বুধবার সরেজমিনে দেখা গেছে, সুবিদবাজারে রাস্তার উত্তর দিকে বিদ্যুতের নতুন খুঁটি বসানো চলছে। পিটিআই ক্যাম্পাসের সামনে তিনটি খুঁটি স্থাপন করা হয়েছে। পিটিআইয়ের সীমানাপ্রাচীরের ভেতর ১১টি গাছের ডালপালা কাটা চলছে। সীমানাপ্রাচীরের বাইরে দুটি বড় রেইনট্রি গাছের সব ডালপালা কেটে ফেলা হয়েছে। বিদ্যুতের খুঁটির মাঝামাঝি পড়ায় এ দুটি গাছ গোড়া থেকে কেটে ফেলা হবে বলে গাছ কাটায় নিয়োজিত বিদ্যুৎ বিভাগের কর্মীরা জানান।
বিদ্যুৎ বিভাগ জানায়, সিলেটে চলমান মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রকল্পের (সেন্ট্রাল জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন প্রজেক্ট) অধীন আম্বরখানায় একটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনে খুঁটি বসানো হচ্ছে। ৩৩/১১ কেভি বিদ্যুৎ লাইনের জন্য আম্বরখানা থেকে কুমারগাঁও পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের পাশের সহস্রাধিক গাছ এভাবে কাটা পড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রকল্পের উপসহকারী প্রকৌশলী নুরুল হুদা জানান, মধ্যাঞ্চল বিদ্যুৎ বিতরণ প্রকল্পের অধীন ১৭ কোটি টাকা ব্যয়ে সিলেটে কয়েকটি প্রকল্পের কাজ চলছে। এর একটি হচ্ছে নগরের আম্বরখানায় বিদ্যুতের উপকেন্দ্র স্থাপন। বিদ্যুতের লো-ভোল্টেজ, সিস্টেম লস, লোডশেডিং নিয়ন্ত্রণে কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে উপকেন্দ্রে বিদ্যুৎ নেওয়ার জন্য নতুন খুঁটি বসানো হয়েছে। এ জন্য সড়কের পাশের কিছু গাছ কাটা পড়ছে। গাছের কেবল ডালপালা কাটা হবে, কোনো গাছ একেবারে কাটা হবে না।
তবে বিদ্যুৎ লাইনের জন্য নির্বিচারে গাছের ডালপালা কাটা হচ্ছে বলে অভিযোগ করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম।