ডাল নিয়ে বিপাকে ডিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) রাজশাহী আঞ্চলিক কার্যালয় থেকে ৯১ টাকা কেজি দরে কেনা মসুর ডালের নমুনা নিয়ে রাজশাহীর একটি বাজারে ঘুরছেন টিসিবির ডিলারের একজন কর্মচারী। কিন্তু ৬৬ টাকা কেজির বেশি দামে বাজারের কোনো ব্যবসায়ী ওই ডাল নিতে রাজি হচ্ছেন না। টিসিবি থেকে চিনি আর তেল নিতে গিয়ে ওই ডিলারকে বাধ্যতামূলক ডাল দেওয়া হয়েছে। এখন ওই ডাল তাঁকে কেজিপ্রতি ২৫ টাকা লোকসান দিয়ে বিক্রি করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সরকার নিম্নমানের ডাল বেশি দামে কিনে ডিলারদের ঘাড়ে চাপাচ্ছে। এ জন্য বেশির ভাগ ডিলার চিনি ও তেল উত্তোলন বন্ধ রেখেছেন।টিসিবি রাজশাহীর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলায় টিসিবির ২৫৩ জন ডিলার রয়েছেন। এর মধ্যে শুধু রাজশাহী সিটি করপোরেশনে রয়েছেন ৬৩ জন ডিলার। নিম্নমানের ডালের কারণে বেশির ভাগ ডিলার এবার মাল উত্তোলন করছেন না। ৭ নভেম্বর থেকে এই লটের ডাল ছাড়া হয়েছে। কিন্তু ডাল নিম্নমানের হওয়ার কারণে ১১ নভেম্বর পর্যন্ত মাত্র ১৩ জন ডিলার চিনি ও তেলের সঙ্গে বাধ্য হয়ে ডাল তুলেছেন। সেই ডাল নিয়ে তাঁরা এখন ভুগছেন। নগরের আর কোনো নতুন ডিলার ওই ডাল উত্তোলন করেননি।রাজশাহীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে, বাজারে মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, বাজারের যেকোনো ডালের চেয়ে টিসিবির ডাল খারাপ মানের। ওই ডাল খুচরা ৭০ টাকার বেশি বিক্রি করা যাবে না। নগরের লক্ষ্মীপুর বিশাল স্টোরে মসুর ডাল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, পাশের আবদুর রাজ্জাকের দোকানে বিক্রি হচ্ছে ৮৮ টাকা কেজি করে। আরডিএ মার্কেটসংলগ্ন সুফী মার্কেটে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।১১ নভেম্বর টিসিবির গুদামে গিয়ে দেখা যায়, দু-একটি গাড়ি টিসিবির মাল নেওয়ার জন্য অপেক্ষা করছে। নাটোরের লালপুরের শর্মি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সন্তু বলেন, ‘তেল ও চিনি নেওয়ার স্বার্থে বাধ্য হয়ে ৫০০ কেজি মসুর ডাল নিতে হলো। এই ডাল লালপুরের বাজারে কেজিপ্রতি ১০ টাকা লোকসান দিয়ে বিক্রি করতে হবে।’ তিনি বলেন, বাজারে মোটা ও চিকন দুই ধরনের ডাল রয়েছে। যেকোনো ডালের চেয়ে টিসিবির ডালের মান খারাপ।টিসিবি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান (সহকারী নির্বাহী) জহুরুল ইসলাম বলেন, ডাল কেন্দ্রীয়ভাবে কেনা হয়েছে। এ ব্যাপারে তাঁদের কিছু বলার নেই। তিনি বলেন, শুধু চিনি আর তেল দেওয়া হলে গুদামে ডিলারদের গাড়ির লাইন দাঁড়িয়ে যেত। তিনি স্বীকার করেন, এই ডাল বিক্রি করার জন্যই নিয়ম বেঁধে দেওয়া হয়েছে যে চিনি ও তেলের সঙ্গে ডাল নিতে হবে।