ডালপালার পর এবার কাটা হচ্ছে গোড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী শহর রক্ষা বাঁধের শিশুগাছগুলোর গোড়াসহ কেটে ফেলতে দেখা যায় গতকাল। এর আগে এগুলোর ডালপালা ছেঁটে দেওয়া হয় l প্রথম আলো
রাজশাহী শহর রক্ষা বাঁধের শিশুগাছগুলোর গোড়াসহ কেটে ফেলতে দেখা যায় গতকাল। এর আগে এগুলোর ডালপালা ছেঁটে দেওয়া হয় l প্রথম আলো

রাজশাহী শহর রক্ষা বাঁধে লাগানো শিশুগাছগুলোর ডালপালা ছেঁটে ফেলার পরে এবার গোড়াও কাটা হচ্ছে। গতকাল থেকে এই গাছ কাটা শুরু হলেও সিটি করপোরেশনের সচিব এবং প্রকৌশলী কিছু বলতে পারেননি। বন বিভাগ থেকেও অনুমতি নেওয়া হয়নি। যাঁরা কাটছেন তাঁরা বলছেন, কাউন্সিলরের আদেশে গাছ কাটা চলছে।
রাজশাহী নগরের ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড এলাকায় হাদির মোড় থেকে তালাইমারী পর্যন্ত প্রায় এক কিলোমিটারজুড়ে ১৫-২০ বছর আগে শিশুগাছ লাগানো হয়। এই গাছগুলো এখন বেশ বড় হয়েছে। মাস খানেক আগে ২৪ নম্বর ওয়ার্ড এলাকার শিশুগাছগুলোর ডালপালা কেটে ফেলা হয়। সে সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তাঁরা বাঁধের ঢালে ফুলবাগান করছেন। ওপরে অন্য গাছও লাগাবেন। ওই গাছের ক্ষতি হতে পারে—এ জন্য ডাল কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি ওই বাঁধের ঢালে ফুলবাগান করার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। ফুলবাগানে গাছ লাগানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
গতকাল দুপুরে নগরের বাঁধের ওই এলাকায় গিয়ে দেখা যায়, পূর্ব দিক থেকে প্রথম যে শিশুগাছটির ডালপালা ছাঁটা হয়েছিল, ওই গাছটির গোড়া কাটা হচ্ছে। কেন গাছ কাটছেন জানতে চাইলে শ্রমিকেরা বলেন, এটা মরা গাছ। কয়েক দিন আগেও ডালপালা ছিল। এখনো গাছের গা ফুঁড়ে সবুজ পাতা বের হচ্ছে। এমন গাছকে মরা বলছেন কেন—জানতে চাইলে তাঁরা বলেন, স্থানীয় কাউন্সিলর আরমান আলীর নির্দেশে তাঁরা গাছ কাটছেন। এই গাছ নিলামে বিক্রি করা হয়েছে।
একটু এগিয়ে এসে দেখা যায়, পাশের ২৩ নম্বর ওয়ার্ডে শিশুগাছগুলো এখনো ডালপালা ছড়িয়ে রয়েছে। ওই গাছগুলোর ডালপালাও ছাঁটা হয়নি। গোড়াও কাটা হয়নি।
কাউন্সিলর আরমান আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিটি করপোরেশন থেকে গাছগুলো নিলাম করা হয়েছে। ১৫টি গাছের দাম হয়েছে সাড়ে চার হাজার টাকা। তিনি চ্যালেঞ্জ করে বলেন, তাঁর কাছে গেলে তিনি নিলামের কাগজ দেখাতে পারবেন। এ ব্যাপারে বন বিভাগের অনুমতি নেওয়া হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, এটা সিটি করপোরেশনের ব্যাপার।
প্রধান প্রকৌশলী আশরাফুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সম্ভবত নিলাম হয়েছে। তবে তাঁর দপ্তর থেকে হয়নি। তিনি সিটি করপোরেশনের সচিবের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
যোগাযোগ করা হলে সচিব মাসুদুজ্জামান বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার রুদ্র বলেন, কোনো গাছ কাটতে হলে অবশ্যই বন বিভাগের অনুমতি নিতে হবে। তারপর বন বিভাগের কাছ থেকেই গাছের মূল্য নির্ধারণ করে নিতে হবে। মূল্য নির্ধারিত হলে গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করতে হবে। নির্ধারিত মূল্যের কমে সেই গাছ বিক্রি করা যাবে না। এই নীতিমালার বাইরে সরকারি গাছ কাটার কোনো সুযোগ নেই।
গত জুলাই মাসে নগরের গ্রেটার রোড এলাকার সড়ক বিভাজন থেকে গাছ কেটে নেওয়া হয়। কিন্তু ওই গাছ কাটার জন্যও বন বিভাগ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি।