ডালপূজায় নেচেগেয়ে কারাম উৎসব
শিশু, বৃদ্ধসহ সবাই এসেছে। উৎসবের মাঠ কানায় কানায় পূর্ণ। সবার চোখেমুখে আনন্দের ঝিলিক। এ রকম আনন্দমুখর পরিবেশে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ‘ডালপূজাকে’ কেন্দ্র করে কারাম উৎসব উদ্যাপন করলেন ওঁরাও সম্প্রদায়ের লোকজন। গত শনিবার সন্ধ্যা থেকে গতকাল রোববার সকাল পর্যন্ত সদর উপজেলার পাঁচপীরডাঙ্গার ওঁরাওপল্লিতে ওই উৎসব পালন করা হয়।
কারাম বৃক্ষের (খিলকদম) ডালপূজার ডালকে ঘিরে রাতভর নিজেদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ ও গান করেন ওঁরাও সম্প্রদায়ের লোকজন। সকালে কারাম ডাল নিয়ে নেচেগেয়ে পাড়া ঘুরে তারপর তা পুকুরে ভাসিয়ে দেওয়া হয়।
জেলা পূজা উদ্যাপন পরিষদ ঠাকুরগাঁও শাখার সভাপতি অরুণাংশু দত্ত উৎসবের উদ্বোধন করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন আদিবাসী পরিষদের সভাপতি সূয মুরমু, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, সংগঠনের উপদেষ্টা ইমরান চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমুখ।
ওঁরাও সম্প্রদায়ের কয়েকজন লোক বলেন, গ্রামের পূজারিরা উপবাসী অবিবাহিত কিশোরী-তরুণীদের নিয়ে ডাল কেটে নিয়ে আসেন সন্ধ্যার পর। এরপর কারাম ডালটি নেচেগেয়ে পাড়ার একটি বাড়ির বড় উঠানে নিয়ে আসেন। এখানে ডালটিকে পুঁতে এর গায়ে নতুন গামছা পরানো হয়। এরপর বাঁশের ডালায় রাখা বালুমিশ্রিত মাটিতে গজানো বিভিন্ন শস্যের বীজ রেখে পূজা করা হয়।