আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করায় গতকাল রোববার সকালে চট্টগ্রামে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ। পৃথকভাবে অনুষ্ঠিত এসব সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের যেকোনো নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আইন প্রণয়ন করার দাবি জানান বক্তারা। একই সঙ্গে মীর কাসেমের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ডালিম হোটেলে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ করতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা।
নগরের চেরাগী পাহাড় মোড় থেকে গতকাল বেলা ১১টায় গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এটি বিভিন্ন সড়ক ঘুরে আবার চেরাগী পাহাড় মোড়ে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে বক্তব্য দেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার মজুমদার, গণজাগরণ মঞ্চ চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশ, সমন্বয়ক শরীফ চৌহান, উদীচী চট্টগ্রামের সহসভাপতি সুনীল ধর, সংগঠক রাশেদ হাসান, সংস্কৃতিকর্মী হাবিব বিপ্লব, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি আল কাদেরি, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নাহিদ মোস্তফা প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও মীর কাসেমের ফাঁসি হওয়ার পর চট্টগ্রাম কলঙ্কমুক্ত হয়েছে। মীর কাসেম আলীসহ যেসব যুদ্ধাপরাধীর ফাঁসি হয়েছে, তাঁদের প্রায় সবার পরিবার অর্থনৈতিকভাবে বিত্তশালী। রাজনীতিতেও তাদের প্রভাব আছে। ভবিষ্যতে তারা রাজনীতিকে কুক্ষিগত করে মন্ত্রী-এমপি হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। তাই যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্যদের যেকোনো নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য আইন করতে হবে।
মীর কাসেম আলীর নির্যাতন কেন্দ্র ডালিম হোটেল অধিগ্রহণ করে সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর করার এবং যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারের কাছে দাবি জানান বক্তারা। এদিকে শনিবার রাতে মীর কাসেমের ফাঁসি কার্যকর হওয়ায় চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে মুক্তিযোদ্ধা সংসদ। সকালে নগরের দারুল ফজল মার্কেট চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এর আগে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা।