মীর কাসেমের ফাঁসি বহাল থাকায় সন্তুষ্ট সাক্ষীরা
ডালিম হোটেলের কথা ভেবে এখনো আঁতকে ওঠেন তাঁরা
‘মহামায়া ডালিম ভবন’। চট্টগ্রাম শহরের টিঅ্যান্ডটি সড়কের পাশে ইতিহাসের সাক্ষী এই ভবনটি এখনো দাঁড়িয়ে আছে। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় এই ডালিম হোটেলে নির্যাতনকেন্দ্র গড়ে তুলেছিলেন জামায়াতের নেতা মীর কাসেম আলী। ডালিম হোটেলের কথা ভেবে এখনো আঁতকে ওঠেন নির্যাতনের শিকার জীবিত মুক্তিযোদ্ধারা।
দেরিতে হলেও এই নির্যাতনকেন্দ্রের প্রধান ব্যক্তি মীর কাসেম আলীর বিচার হওয়ায় এবং সুপ্রিম কোর্ট তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন নির্যাতনের শিকার ও মামলার সাক্ষী মুক্তিযোদ্ধারা।
যুদ্ধের সময় গঠিত বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) চট্টগ্রাম নগর কমান্ডার ছিলেন সৈয়দ মো. এমরান। তাঁকে ও তাঁর পাঁচ ভাইকে ১৯৭১ সালের ৩০ নভেম্বর ভোরে নগরের চান্দগাঁওয়ের বাসা থেকে ধরে নিয়ে আসেন মীর কাসেম আলী ও পাকিস্তানি সেনারা। সেখানে তাঁদের ওপর অবর্ণনীয় নির্যাতন করা হয়।
মীর কাসেম আলীর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার এক নম্বর সাক্ষী সৈয়দ মো. এমরান গতকাল সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘আজ আমার ঈদের খুশি। একাত্তরের ১৬ ডিসেম্বর যখন আমি ও আমার ভাইয়েরা ডালিম হোটেলের নির্যাতনকেন্দ্র থেকে মুক্তি পেয়েছিলাম, তখন আমার পরিবারে ঈদের খুশি দেখা দিয়েছিল। আজ আমরা আবার সেভাবে খুশি হয়েছি।’
ডালিম হোটেলে এমরানের সঙ্গে নির্যাতন করা হয়েছিল মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরীকে। তিনি জানান, একাত্তরের নভেম্বরের শেষ সপ্তাহে তাঁকে চোখ বেঁধে ধরে নিয়ে যাওয়া হয় ডালিম হোটেলে। তাঁর চোখ ও হাত বাঁধা থাকত। কয়েক দিন পর চোখ খুলে দিলে সেখানে দেখতে পান মীর কাসেমকে। সর্বোচ্চ আদালত সেই মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখার খবরের প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘আমি খুশি। আজ মনে হচ্ছে স্বাধীনতার লাল-সবুজ পতাকা সার্থক হয়েছে। রায় কার্যকরের অপেক্ষায় থাকলাম।’
মীর কাসেম আলীর বিরুদ্ধে যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়, তাঁর মধ্যে ১১ ও ১২ নম্বর অভিযোগে তাঁর ফাঁসির দণ্ড দেন আদলত। ১১ নম্বর অভিযোগটি ছিল মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণের পর হত্যা। এই অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জসিমের মামাতো বোন হাসিনা খাতুন। তিনি প্রথম আলোকে বলেন, ‘কুখ্যাত এই যুদ্ধাপরাধীর বিচারের রায়ের মধ্য দিয়ে মনে হচ্ছে দেশ দ্বিতীয়বার স্বাধীন হচ্ছে।’
মামলার আরেক সাক্ষী সাংবাদিক নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই রায়ে আমি সন্তুষ্ট। অসংখ্য মুক্তিযোদ্ধাকে ওই ভবনে নিয়ে নির্যাতন করেছে সে। এটি তার প্রাপ্য ছিল। এখন রায় কার্যকরের অপেক্ষায় থাকলাম।’
চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ইরশাদ কামালকেও ডালিম হোটেলে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছিল। এত বছর পর সেই কাসেম আলীর বিচার ও সর্বোচ্চ সাজার আদেশ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ইরশাদ কামাল। তিনি বলেন, ‘বিলম্বে হলেও এটি জাতির জন্য বড় প্রাপ্তি। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সুবিচার পেয়েছি।’