ডালিম হোটেল আর মীর কাসেম অবিচ্ছেদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কে. সি. দে সড়ক এলাকার মহামায়া ডালিম ভবন। ১৯৭১ সালে এখানে নিয়ে মুক্তিযোদ্ধাদের নির্যাতন করতেন মীর কাসেম আলী ও তাঁর সহযোগীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: জুয়েল শীল
চট্টগ্রাম নগরের কে. সি. দে সড়ক এলাকার মহামায়া ডালিম ভবন। ১৯৭১ সালে এখানে নিয়ে মুক্তিযোদ্ধাদের নির্যাতন করতেন মীর কাসেম আলী ও তাঁর সহযোগীরা। ছবিটি মঙ্গলবার তোলা। ছবি: জুয়েল শীল

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে চট্টগ্রামের ডালিম হোটেল ও মীর কাসেম আলী হয়ে ওঠে অবিচ্ছেদ্য অঙ্গ। ডালিম হোটেলের আলবদর ক্যাম্প ছিল সব অপরাধের কেন্দ্রবিন্দু। সব আটক, নির্যাতন ও হত্যার ঘটনা এখানেই ঘটেছে। এই ডালিম হোটেলের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বে ছিলেন মীর কাসেম আলী। তাঁর পরিকল্পনা ও নির্দেশনায় ডালিম হোটেল পরিচালিত হতো। ২০১৪ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনালে দেওয়া রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল এ কথা বলেন।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের এই নেতা ১৯৭১ সালে ছিলেন দলটির ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের চট্টগ্রাম শহর শাখার সভাপতি। একই সঙ্গে তিনি ছিলেন কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান। তাঁর নেতৃত্বে ও দিকনির্দেশনায় মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকার ডালিম হোটেলে স্থাপিত হয় আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র। একাত্তরে চট্টগ্রামে এই ডালিম হোটেলকে কেন্দ্র করেই আবর্তিত হতো সব ধরনের মানবতাবিরোধী অপরাধ, যার তত্ত্বাবধানে ছিলেন আলবদর নেতা মীর কাসেম আলী। এতে ডালিম হোটেল মানুষের কাছে পরিচিতি পায় হত্যাপুরী হিসেবে। আর নৃশংসতার জন্য মীর কাসেমের পরিচয় হয় ‘বাঙালি খান’।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেন, ডালিম হোটেলে বন্দীদের ওপর দিনের পর দিন নির্যাতন করা হতো। অনেকে এই নিদারুণ নির্যাতন সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়তেন; তরুণ মুক্তিযোদ্ধা জসিম, টুন্টু সেন ও রঞ্জিত দাস এভাবেই প্রাণ হারিয়েছেন। আসামিপক্ষের সাক্ষ্য থেকেও প্রমাণিত হয়েছে, ডালিম হোটেলে আলবদর ক্যাম্প স্থাপন করা হয়েছিল এবং আলবদর বাহিনীর ব্যবস্থাপনায় এটি ছিল কেন্দ্রীয় ও বিস্তৃত একটি নির্যাতনকেন্দ্রের মডেল। ট্রাইব্যুনালের অভিমত, একাত্তরে ডালিম হোটেল পদ্ধতিগত হত্যাকাণ্ডের আখড়ায় পরিণত হয়, মীর কাসেম ছিলেন যার অবিচ্ছেদ্য অঙ্গ।
দুই অপরাধে ফাঁসি দেন ট্রাইব্যুনাল: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১১ ও ১২তম অভিযোগে মীর কাসেম আলীকে ফাঁসির আদেশ দেন। মীর কাসেমের বিরুদ্ধে ১১তম অভিযোগে বলা হয়েছে, মুক্তিযুদ্ধকালে পবিত্র ঈদুল ফিতরের পরদিন মুক্তিযোদ্ধা জসিমকে আটক করে আলবদর সদস্যরা। ২৮ নভেম্বর মীর কাসেমের নির্দেশে আলবদরের সদস্যরা তাঁকে দিনভর নির্যাতন করে। নির্মম অত্যাচারে জসিম মারা যান। পরে নিহত আরও পাঁচজনের সঙ্গে জসিমের মরদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়। এ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মীর কাসেমকে সর্বসম্মতভাবে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
১২তম অভিযোগ অনুযায়ী নভেম্বরের কোনো একদিন হাজারী লেনের বাসা থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী, রঞ্জিত দাস ও টুন্টু সেনকে আটক করে মীর কাসেমের নেতৃত্বাধীন আলবদর সদস্যরা। ওই সময় হিন্দু সংখ্যাগরিষ্ঠ হাজারী লেনের ২৫০ থেকে ৩০০ ঘরে আগুন দেওয়া হয়। পরে জাহাঙ্গীর আলমকে আলবদররা ছেড়ে দিলেও রঞ্জিত ও টুন্টুকে ডালিম হোটেলে নিয়ে নির্যাতন ও পরে হত্যা করা হয়। এ অভিযোগে ট্রাইব্যুনালের দুই সদস্য মীর কাসেমকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিলেও অপর সদস্য খালাস দেন।