জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৬তম সাক্ষী জাহাঙ্গীর আলম চৌধুরী। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেলের আলবদর ক্যাম্পে বন্দী থাকাকালে তিনি সেখানে মীর কাসেমকে দেখেছেন।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জাহাঙ্গীর আলম জবানবন্দি দেন। এ সময় মীর কাসেম আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
বর্তমানে শিল্পমালিক ও রাজনীতিক জাহাঙ্গীর আলম (৬৬) জবানবন্দিতে বলেন, মুক্তিযুদ্ধকালে তিনি চট্টগ্রামের জয় বাংলা বাহিনীর উপপ্রধান ছিলেন। ওই বাহিনীর নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা জহুর আহমেদ চৌধুরী ও এম এ মান্নান। একাত্তরের রোজার ঈদের আনুমানিক দুই দিন পর এক রাতে কারফিউ দিয়ে পাকিস্তানি সেনা ও আলবদর বাহিনী কদমতলী ঘিরে ফেলে। তাঁকে আটক করে আন্দরকিল্লার ডালিম হোটেলে আলবদর বাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাঁকে ডালিম হোটেলের বারান্দায় বসিয়ে পিঠে ও ঘাড়ে দু-তিনটা লাথি মারা হয়, তারপর নিচতলার একটি ঘরে আটক রাখা হয়। সেখানে আগে থেকেই তাঁর ছোট ভাই দস্তগীর চৌধুরী ও প্রতিবেশী মফিজ বন্দী ছিলেন। সন্ধ্যার পর আলবদর বাহিনীর নূরুল আফসার ও মীর কাসেম আইনজীবী শফিউল আলমকে নিয়ে ওই ঘরে আটক করে চলে যান। শফিউলের মুখ থেকে রক্ত ঝরছিল, তিনি মেঝেতে পড়ে ছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, পরদিন দুপুরের দিকে জসিম নামের ১৪-১৫ বছরের এক ছেলেকে আলবদর নূরুল আফসার, মীর কাসেম ও জালাল তাঁদের ঘরে ফেলে দিয়ে যায়। জসিমকে দেখে শফিউল বলেন, ‘ও তো মরে গেছে।’ বন্দীদের ভাত সরবরাহকারী স্বপন তাঁদের জানান, আরও অনেককে এভাবে মেরে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়েছে। স্বপনের কাছ থেকে তাঁরা আরও জানতে পারেন, চট্টগ্রামের চামড়ার গুদাম যেখানে আলবদরের ক্যাম্প ছিল, সেখানেও অনেক লোককে মেরে কর্ণফুলী নদীতে ফেলে দেওয়া হয়েছে। জবানবন্দির পরবর্তী পর্যায়ে জাহাঙ্গীর আলম আলবদর সদস্যদের হাতে তাঁর নির্যাতিত হওয়ার বিবরণ দেন।
জবানবন্দি শেষে জাহাঙ্গীরকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।