ডাস্টবিন থেকে নবজাতক কন্যাশিশু উদ্ধার
শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় আবর্জনা ফেলার একটি উন্মুক্ত স্থান থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি একটি বাজারের ব্যাগের মধ্যে ময়লা কাপড় দিয়ে প্যাঁচানো ছিল। গতকাল শনিবার দুপুরে স্থানীয় এক দম্পতি শিশুটিকে উদ্ধার করেন।
শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
নবজাতক শিশুটি উদ্ধার করেছেন বিপ্লব হোসেন ও তাঁর স্ত্রী লিপি আক্তার। এই দম্পতি শাহ আলী থানার নবাবেরবাগ পাকার মাথা এলাকায় থাকেন। সেখানে বাঁশের ব্যবসা করেন বিপ্লব হোসেন। বাঁশের দোকানটি থেকে কিছু দূরেই ময়লা ফেলার জায়গাটি। বিপ্লব বলেন, দুপুরে তিনি বাসায় ঘুমাচ্ছিলেন। আর তাঁর স্ত্রী গিয়েছিলেন দোকানে। তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় স্থানীয় এক নারী এসে তাঁকে জানান, একটি বাচ্চা কেউ ফেলে রেখে গেছে। তিনি গিয়ে দেখতে পান, একটি খুঁটির সঙ্গে বাজারের ব্যাগটি বাঁধা। শিশুটি ব্যাগের ভেতর থেকে কাঁদছে আর হাত-পা ছুড়ছে। আশপাশে আরও অনেকে জড়ো হলেও কেউ ব্যাগটির কাছে যাচ্ছেন না।
বিপ্লব বলেন, তাঁর স্ত্রী শিশুটিকে নিয়ে বাসায় আসেন। শিশুটি রক্তমাখা ছিল। তাঁরা শিশুটিকে গোসল করান। এরপর স্থানীয় এক ধাত্রীকে এনে তার নাড়ি কাটান। একজন ইমাম ডেকে এনে শিশুটিকে আজান শোনান। শাহ আলী থানার পুলিশ ঘটনাস্থলে এলে সবাই মিলে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আক্ষেপ করে বিপ্লব বলেন, ফুটফুটে শিশুটি অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছে। তার গায়ে পিঁপড়া উঠেছিল। শরীরে লাল দাগ হয়ে গেছে। প্রকৃত বাবা-মায়ের পরিচয় না পাওয়া গেলে শিশুটিকে নিজেই লালনপালন করতে চান দুই ছেলের এই জনক।
শাহ আলী থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘শিশুটি জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে ফেল যাওয়া হয়েছে বলে মনে হচ্ছে। শিশুটিকে হাসপাতালের নবজাতক শিশুদের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি।’