ডাস্টবিনটি পরিষ্কার না করায়...
নীলফামারী শহরের সবুজপাড়ার ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে এলাকাবাসী টিকতে পারছে না। প্রতি সপ্তাহে এখান থেকে দুবার ময়লা সরিয়ে নেওয়ার কথা থাকলেও ১৫ দিনেও তা নেওয়া হয় না। পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ওই এলাকার বাসিন্দা মজিবর রহমান অভিযোগ করেন, ডাস্টবিনটি নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধের কারণে বাড়িতেও থাকা যাচ্ছে না। একই এলাকার বাসিন্দা শামসুল হক বলেন, ‘আমি প্রতিবছর দুই হাজার ৪০০ টাকা পৌর কর দিই। কিন্তু যে সেবা দেওয়ার কথা, পৌরসভা তা দিচ্ছে না। ডাস্টবিনে ময়লা-আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রবও বেড়েছে কয়েক গুণ। ময়লার দুর্গন্ধে এলাকায় টেকা যায় না। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষের কষ্ট হচ্ছে।’ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া বলেন, ‘ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য পৌরসভার নিয়মিত কর্মী নেই। এখানে মাস্টার রোলে (চুক্তিভিত্তিক) কিছু শ্রমিক কাজ করেন। তাঁদের মধ্যে অনেকে আবার চাকরি ছেড়ে দিয়েছেন। সে কারণে কিছুটা সমস্যা হচ্ছে। আজকালের মধ্যে ডাস্টবিনটি পরিষ্কার করার ব্যাপারে চেষ্টা করা হবে।’