ডাস্টবিনমুক্ত হচ্ছে গোসাইলডাঙা ওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের গোসাইলডাঙা ওয়ার্ড ডাস্টবিনমুক্ত হচ্ছে। আজ মঙ্গলবার সকালে এ ওয়ার্ডের ডাস্টবিন অপসারণ কর্মসূচির উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি করপোরেশনের সরাসরি বর্জ্য সংগ্রহ (ডোর টু ডোর) কর্মসূচির আওতায় এ অপসারণ কার্যক্রম চলবে।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ১ জানুয়ারি থেকে গোসাইলডাঙাসহ সাতটি ওয়ার্ড থেকে সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এসব ওয়ার্ডের বাসাবাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে বিন (ময়লা রাখার পাত্র) বিতরণ করা হয়েছে। তাই ওয়ার্ডগুলো থেকে ডাস্টবিন অপসারণের সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। প্রথমে গোসাইলডাঙা এবং পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডের ডাস্টবিনগুলোও অপসারণ করা হবে।

সরাসরি বর্জ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকা সাতটি ওয়ার্ডে প্রায় ৬০০ ডাস্টবিন রয়েছে। এর মধ্যে গোসাইলডাঙায় ২৫টি ডাস্টবিন আছে বলে জানান শফিকুল মান্নান সিদ্দিকী।

করপোরেশনের কর্মকর্তারা জানান, প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত সিটি করপোরেশনের কর্মীরা সরাসরি বর্জ্য সংগ্রহ করছেন। এরপর এসব বর্জ্য নির্ধারিত স্থানে এনে রাখা হয়। সেখান থেকে তা ট্রাকে করে হালিশহর ও বায়েজিদ বোস্তামীর আরেফিন নগরে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ১ আগস্ট নগরের গোসাইলডাঙার বারিক মিঞা বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।