ডাস্টবিনে পড়ে থাকা মানবতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুটি ষ প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুটি ষ প্রথম আলো

অস্থিচর্মসার দেহ। হাত-পাগুলো শুকিয়ে কাঠি। পাঁজরের সব কটি হাড় গোনা যায়। শরীরে অনেকগুলো পোড়া ও জখমের দাগ, মাথা, ঠোঁট, মুখমণ্ডলেও আঘাতের চিহ্ন। জীবন্মৃত এক শিশু।
গত রোববার বিকেলে বারিধারা ডিওএইচএস এলাকার একটি ডাস্টবিনে এই অবস্থায় ১১ বছরের এক মেয়েশিশুকে খুঁজে পান দুজন নারী। পরে এলাকাবাসী ও পুলিশের সহায়তায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন, শিশুটি খুবই দুর্বল। অনেক দিন তাকে কিছু খেতে দেওয়া হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেল, হাসপাতালের খাতায় তার নামের জায়গায় লেখা হয়েছে ‘অজানা’, বয়স ১১। ভর্তির পরে হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় পাটি বিছিয়ে শুরু হয় শিশুটির চিকিৎসা। পরে তার জন্য বরাদ্দ হয় বিছানা। গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, বারান্দার বিছানায় চাদর গায়ে শুয়ে আছে শিশুটি। তার সঙ্গে কথা বলতে চেষ্টা করছেন অন্য শিশু রোগীদের অভিভাবকেরা।
অস্ফুট স্বরে শিশুটি জানায়, তার নাম আদুরি। বাবা খালেক মৃধা, মা সাফিয়া। বাড়ি পটুয়াখালীতে। তবে সে গ্রামের নাম বলতে পারে না। ঢাকায় একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করত সে। সেই বাড়িতে তাকে মনিকা নামে ডাকা হতো। জিজ্ঞেস করলে আদুরি বলে, ঢাকায় যে বাড়িতে কাজ করত, সেই বাড়িতে একজন নারী ও তাঁর মেয়ে থাকতেন। ওই মেয়েটি তাকে নানাভাবে মেরেছে। ব্লেড দিয়ে কেটে দিয়েছে। আয়রন (ইস্তিরি) দিয়ে শরীরে ছ্যাঁকা দিয়েছে। তবে সে ওই গৃহকর্ত্রী ও তাঁর মেয়ের নাম-বয়স সম্পর্কে কিছুই বলতে পারে না। পাশের বিছানার শিশু রোগীর অভিভাবক মমতাজ বেগম বলেন, গতকাল দুপুরে শিশুটি ভাত খেয়েছে। দেখে মনে হয়েছে, অনেক দিন সে কিছু খায়নি। আরেক শিশু রোগীর মা বলেন, শিশুটি বলেছে, তাকে একটি বাথরুমে দীর্ঘদিন আটকে রাখা হয়েছিল। তিনি বলেন, শিশুটি অঘোরে ঘুমিয়েই চলেছে। মাঝে মাঝে উঠে কাঁদছে। তখন অন্য রোগীর স্বজনদের কেউ উঠিয়ে প্রাকৃতিক কর্ম করিয়ে দিচ্ছেন, খাইয়ে দিচ্ছেন। শিশুটিকে দেখভাল করা একজন সেবিকা বললেন, শিশুটি এতটাই দুর্বল যে কথা পর্যন্ত বলতে পারছে না। ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক আবদুল মান্নান বলেন, রোববার বিকেলের দিকে বারিধারা ডিওএইচএসের ফটকের উত্তর পাশে রাস্তায় জটলা দেখে তিনি এগিয়ে যান। গিয়ে শিশুটিকে শোয়ানো অবস্থায় পান। হাপরের মতো বুক ওঠানামা করছিল। তখন তিনি একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দুজন নারীর জিম্মায় শিশুটিকে হাসপাতালে পাঠান। তিনি বলেন, ওই দুজন নারী একটি ডাস্টবিনে শিশুটিকে কুড়িয়ে পান।