ডাস্টবিনে ফুটফুটে শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেসে আসছে শিশুর কান্নার শব্দ। কিন্তু কোথা থেকে? উৎসুক জনতা প্রথমে ঠিক বুঝে উঠতে পারেনি। পরে শনাক্ত করল, ডাস্টবিন থেকে আসছে কান্নার শব্দ। গিয়ে দেখল, ময়লা কাঁথায় মোড়ানো দু-তিন দিন বয়সী এক ফুটফুটে শিশু কাঁদছে অঝোরে।
ঘটনা শুনে সেখানে ছুটে যান এক দর্জি দম্পতি। কোলে তুলে নেন শিশুটিকে। সেখান থেকে থানায়, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেওয়া হয় শিশুটিকে।
গতকাল সোমবার সকাল নয়টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান রোডের একটি ডাস্টবিন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, পুলিশসহ দর্জি দম্পতি ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। ডাস্টবিন থেকে শিশু উদ্ধারের খবর শুনে চিকিৎসক ও রোগীর স্বজনেরা শিশুটিকে দেখার জন্য ভিড় করেন। চিকিৎসক জানালেন, শিশুটির হাঁটুতে সামান্য ঘষার চিহ্ন আছে। মশার কামড়েরও দাগ আছে। তবে বড় ধরনের কোনো সমস্যা নেই। চিকিৎসক কিছু ওষুধপত্র লিখে দেন।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, ওই দর্জি দম্পতি শিশুটিকে লালন-পালনের জন্য বারবার আগ্রহ প্রকাশ করছিলেন। কোলে নিয়ে ‘আমাদের সন্তান, আমাদের সন্তান’ বলে আদরও করছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক প্রথম আলোকে বলেন, অজ্ঞাতনামা কেউ সুযোগ বুঝে ওই ডাস্টবিনে শিশুটিকে ফেলে গেছে। পুলিশের মাধ্যমে শিশুটিসহ দর্জি দম্পতিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। প্রকৃত অভিভাবক পাওয়া না গেলে যদি কেউ শিশুটিকে নিতে চান, তবে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে।