ডাস্টবিনে মাইক্রোবাস, দুই কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর রাতে রাস্তার পাশের ডাস্টবিন থেকে কাগজ, পরিত্যক্ত বোতল ও পলিথিন কুড়াচ্ছিলেন দুই কিশোর ও এক নারী। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি মাইক্রোবাস ঢুকে পড়ে ওই ডাস্টবিনে। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর। গুরুতর আহত হন ওই নারী। গত শুক্রবার রাত আড়াইটায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।
নিহত দুই কিশোরের একজনের পরিচয় জানা যায়নি। তার লাশ গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়েছিল। কেউ কিশোরের লাশ নিতে আসেনি বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম। তিনি বলেন, নিহত অন্য কিশোরটির বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। তার নাম আবদুল মান্নান (১৬)। দুর্ঘটনায় আহত শারমিন আক্তার (৩৫) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে আহত শারমিনের সঙ্গে কথা বলা যায়নি। তখন কথা বলার মতো শারীরিক অবস্থা তাঁর ছিল না। তাঁর কোনো স্বজনকেও হাসপাতালে পাওয়া যায়নি।
নিহত মান্নানের বড় ভাই আবদুল আলীর সঙ্গে হাসপাতালের মর্গের সামনে কথা হয়। তিনি বলেন, মান্নান বহদ্দারহাট কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত। গভীর রাতে বহদ্দার পুকুরপাড় এলাকার ওই ডাস্টবিনে সে কেন গিয়েছে, তা তাঁর জানা নেই।
চান্দগাঁও থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা স্থায়ী ডাস্টবিনে ঢুকে পড়ে। মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাস সেখানে ফেলে চালক পালিয়ে যান। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।