ডাস্টার দিয়ে পিটুনি, ছাত্রী হাসপাতালে
রাজবাড়ীতে অঙ্ক না পারায় জাহানারা খাতুন (১৩) নামের এক স্কুলছাত্রীকে ডাস্টার দিয়ে মেরে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলশিক্ষক ওহিদুল ইসলামকে আটক করে পুলিশ। সদর উপজেলার বেথুলিয়া বালিকা উচ্চবিদ্যালয়ে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মো. শাহজাহান দাবি করেন, শিক্ষক ওহিদুলের ডাস্টারের আঘাতে জাহানারা আহত হয়নি। ছুটি হওয়ার পর ফটক দিয়ে দৌড়ে বের হওয়ার সময় নিচে পড়ে সে আঘাত পায়। তিনি আরও বলেন, তারপরও বিদ্যালয় কর্তৃপক্ষ জাহানারার চিকিৎসার ব্যয় বহন করতে চেয়েছে। তার পরিবারের হাতে কিছু টাকা দেওয়া হয়েছে।
জাহানারা সদর উপজেলার এ বিদ্যালয়েরই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্স-রে পরীক্ষার প্রতিবেদন দেখে চিকিৎসকেরা বলেছেন, জাহানারার বাঁ কাঁধে ওপরে দুই হাড়ের সংযোগস্থলের কিছুটা ফেটে গেছে। তাকে আরও দু-তিন দিন হাসপাতালে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হতে অন্তত এক মাস বাঁ হাতটি বিশ্রামে রাখতে হবে।
চিকিৎসাধীন জাহানারা গতকাল শনিবার প্রথম আলোকে বলে, ‘বৃহস্পতিবার দুপুরে অঙ্ক পড়াতে শ্রেণিকক্ষে আসেন ওহিদুল স্যার। অঙ্ক না পারায় স্যারের হাতে থাকা ডাস্টার দিয়ে আমার বাঁ কাঁধ ও হাতে জোরে আঘাত করেন। এতে আমি আহত হলেও শিক্ষকেরা বাড়িতে বিষয়টি না জানিয়ে আমাকে ক্লাসে বসিয়ে রাখেন। খবর পেয়ে বিকেলের দিকে বাবা (আক্কাছ খান) স্কুলে গিয়ে আমাকে বাড়িতে নিয়ে যান।’
মেয়েটির বাবা আক্কাছ খান বলেন, বাড়ি আনার পর যন্ত্রণায় কাতরাতে থাকে জাহানারা। রাতে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা এক্স-রে করানোর পর পুনরায় তাঁদের কাছে জাহানারাকে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরপর তাকে বাড়িতে নেওয়া হয়। পরদিন শুক্রবার দুপুর ১২টার দিকে জাহানারাকে আবার ওই হাসপাতালে ভর্তি করান তিনি।
পরিবার অভিযোগ না দিলেও পুলিশ শুক্রবার রাতে রাজবাড়ী সদর উপজেলার রায়নগর গ্রামে স্কুলশিক্ষক ওহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার মিয়া বলেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানার পর শুক্রবার রাতেই তাঁরা শিক্ষক ওহিদুলকে আটক করেন। তবে পরিবার ও িবদ্যালয় কর্তৃপক্ষ আপস করে ফেলায় গতকাল সন্ধ্যায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে। িসদ্ধান্ত মোতবেক, িবদ্যালয় কর্তৃপক্ষ জাহানারার চিকিৎসার সব খচর বহন করবে। পাশাপাশি তার লেখাপড়ার িবষয়টিও দেখভাল করবে তারা।