ডায়রিয়া ও নিউমোনিয়ায় দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল শনিবার দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় বেলকা গ্রামের রওশন আলীর মেয়ে রুবাইয়া খাতুন (৩ মাস) ও ডায়রিয়ায় পশ্চিম বাছহাটি গ্রামের সোনা মিয়ার ছেলে মো. দুরন্ত (৯ মাস) মারা গেছে।

এ ছাড়া গত চার দিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ৩৮ জন। এর মধ্যে ১০ জন চিকিৎসাধীন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শীতজনিত কারণে উপজেলার সর্বত্রই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগী রাখার প্রয়োজনীয় শয্যা নেই। ফলে কমপ্লেক্সের মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রশিদ বলেন, শীতের কারণে শিশু ডায়রিয়ার প্রাদু‌র্ভাব দেখা দিয়েছে। তবে রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

গাইবান্ধার সিভিল সার্জন নির্মলেন্দু চৌধুরী বলেন, একটি শিশু নিউমোনিয়ায় মারা গেছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।