ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশু বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। শনিবার নীলফামারী সদর হাসপাতালে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে ১০ মাসের শিশু জাহিদ চিকিৎসকদের অবহেলায় মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।শনিবার সকালে সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ১০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে। এদের মধ্যে সাতটি শিশু। ডোমার উপজেলার মির্জাগঞ্জ গ্রামের নুরুজ্জামান (৩২) অভিযোগ করেন, তাঁর ১০ মাস বয়সী দুই যমজ ছেলে জাহিদ ও নাহিদ ডায়রিয়ায় আক্রান্ত হলে গত শুক্রবার দুপুরে নীলফামারী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন। পরে ডায়রিয়ার সঙ্গে জাহিদের শ্বাসকষ্ট বেড়ে যায়। সেখানে কোনো চিকিৎসককে না পেয়ে জাহিদকে শিশু ওয়ার্ডে ভর্তি করেন। কিন্তু দুই দিন ধরে চিকিৎসক কোনো চিকিৎসা না দেওয়ায় শনিবার সকাল সাড়ে ১০টায় জাহিদ মারা যায়। নাহিদের অবস্থারও কোনো উন্নতি নেই। ওই ওয়ার্ডে কর্তব্যরত নার্স হোসনে আরা বলেন, হঠাৎ করে পাঁচ-সাত দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ১২ শয্যার ওয়ার্ডে ৪৬টি শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা দিলীপ কুমার রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন। তিনি বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের অবহেলায় জাহিদের মৃত্যুর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সেপ্টি সেমিয়াজনিত (রক্ত দূষিত) কারণে শিশুটি মারা গেছে।