রাজধানী ঢাকায় ডায়রিয়া-পরিস্থিতির উন্নতি হয়নি। ১০ দিন ধরে প্রতিদিন সাত শতাধিক ডায়রিয়া রোগী মহাখালীতে আইসিডিডিআরবির কলেরা হাসপাতালে ভর্তি হচ্ছে।এ পরিস্থিতিতে যেসব এলাকা থেকে বেশি রোগী আসছে, সেসব এলাকায় ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির গুণগত মান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও জনস্বাস্থ্য প্রতিষ্ঠান (ইনস্টিটিউট অব পাবলিক হেলথ) পৃথকভাবে এ পানি পরীক্ষা করবে।স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) বেনজীর আহমেদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ঢাকার কিছু এলাকা থেকে আইসিডিডিআরবির কলেরা হাসপাতালে বেশি রোগী আসছে। এসব এলাকার ওয়াসার পানি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগির এটা করা হবে।আইসিডিডিআরবি সূত্র জানায়, রাজধানীর বাড্ডা, তেজগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী এবং গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বেশি রোগী আসছে। গত রোববার কলেরা হাসপাতালে ৭৯৬ জন রোগী ভর্তি হয়। গতকাল বিকেল চারটা পর্যন্ত রোগী ভর্তি হয় ৫৫৯ জন। এ হাসপাতালের চিকিৎসকেরা আশঙ্কা করছেন, দৈনিক রোগী ভর্তির সংখ্যা ৯০০ ছাড়িয়ে যাবে।আইসিডিডিআরবির শর্ট স্টে ইউনিটের প্রধান আজহারুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, গরমের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বৃষ্টি হলে এর প্রকোপ কমতে পারে।এদিকে ঢাকার কয়েকটি এলাকায় মানুষকে সচেতন করতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ভ্যানে করে এ প্রচারণা চালাবে। বেনজীর আহমেদ বলেন, নিরাপদ পানি পান, খাবার আগে হাত ধোয়া, বাসি-পচা ও রাস্তার পাশের খোলা খাবার ও আখের রস না খাওয়া—এসব কথা মানুষকে জানানো হবে। বলা হবে—ডায়রিয়া রোগীকে সেবাদানকারীদেরও সাবান দিয়ে হাত ধুতে হবে।সূত্র জানায়, গতকাল আইসিডিডিআরবির পক্ষ থেকে সরকারকে ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য ৫০টি বিশেষ শয্যা দেওয়া হয়েছে। এ ছাড়া টঙ্গীর ৫০ শয্যার হাসপাতালে ১৬ শয্যার ডায়রিয়া ইউনিট খোলার ক্ষেত্রে কারিগরি সহায়তা দেবে আইসিডিডিআরবি। পর্যায়ক্রমে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ও লালবাগের শিশু হাসপাতালে এ ধরনের ইউনিট খুলতেও কারিগরি সহায়তা দেবে প্রতিষ্ঠানটি। এসব ইউনিটের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডায়রিয়া রোগী ব্যবস্থাপনাতেও প্রশিক্ষণ দেবে আইসিডিডিআরবি।