ডায়রিয়া প্রতিরোধে জোরালো প্রচার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রাজধানীতে ডায়রিয়া আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। তবে ডায়রিয়া প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জোরালো কোনো কর্মসূচি সরকারের নেই। সরকারের স্বাস্থ্যশিক্ষা ব্যুরো সচেতনতা বাড়ানোর কাজ করে। তবে এ ব্যুরো জনবল সংকটে ভুগছে। বিশেষজ্ঞরা বলছেন, ডায়রিয়া প্রতিরোধে জরুরিভিত্তিতে প্রচারাভিযান প্রয়োজন। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পুরো মার্চ ও এপ্রিলের প্রথম দুই সপ্তাহে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রাজধানীতেই এই সংখ্যা ছিল সবচেয়ে বেশি। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) চলতি মাসে প্রতিদিন গড়ে নয় শতাধিক ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছে। ডায়রিয়ার প্রকোপ বাড়লেও মানুষকে সচেতন করার কোনো কর্মসূচি সরকারের নেই। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্বাস্থ্যগত আচরণ পরিবর্তনের ওপর জোর দেওয়া প্রয়োজন। তিনি বলেন, ভালো করে হাত ধোয়া, পানি ফুটিয়ে বা বিশুদ্ধ করা—এ ব্যাপারগুলো বার বার প্রচার করা দরকার।রোগ প্রতিরোধের বিষয়ে সচেতন করার কাজ করে স্বাস্থ্যশিক্ষা ব্যুরো। কিন্তু এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ প্রতিষ্ঠানের অনুমোদিত পদ ৩৯৯টি। এর মধ্যে শূন্য রয়েছে ১২৪টি। বিভাগীয় স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তার চারটি অনুমোদিত পদের তিনটিই শূন্য। জেলাপর্যায়ে জ্যেষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তার ৬৪টি পদের ৪৬টিই শূন্য আর কনিষ্ঠ স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তার ৫০টি পদের মধ্যে ১৮টি শূন্য। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেছেন, শুধু গণমাধ্যমের সহায়তা নিয়ে মানুষকে সচেতন করা যায় না। মানুষের কাছে গিয়ে বিভিন্নভাবে তথ্য দিতে হয়। কিন্তু এর জন্য জনবল দরকার। শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য ব্যুরোর পক্ষ থেকে তিন বছর আগে থেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্যশিক্ষা ব্যুরোর জনবল সংকটের ব্যাপারটা বিবেচনা করা হচ্ছে। দ্রুতই আমরা নিয়োগের কাজ শুরু করব।’ ডায়রিয়া প্রতিরোধে প্রচারাভিযানের ব্যাপারে তিনি বলেন, সংবাদপত্রে এ বিষয়ে বিজ্ঞাপন যাচ্ছে। এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শওকত আলী প্রথম আলোকে বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে ডায়রিয়া প্রতিরোধের বিষয়ে প্রচার চালানো সম্ভব নয়।