বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড না থাকায় রোগীরা চিকিৎসা নিতে যান বরিশাল জেনারেল হাসপাতালে। কিন্তু ওই হাসপাতালে ডায়রিয়া বিভাগে নারীদের জন্য পৃথক কোনো ওয়ার্ড নেই। বাধ্য হয়ে নারী ও পুরুষদের এক ওয়ার্ডে চিকিৎসা নিতে হচ্ছে।
কার্যালয় থেকে জানা গেছে, ১৯১০ সালে প্রতিষ্ঠা করা হয় বরিশাল জেনারেল হাসপাতাল। সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত হলেও এটি এখনো ১০০ শয্যার হাসপাতালই রয়ে গেছে। ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করা হয় ৫০০ শয্যার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানে নেই কোনো ডায়রিয়া ওয়ার্ড। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় জেনারেল হাসপাতালে। রোগীর সংখ্যা বাড়লেও পৃথক ওয়ার্ড না থাকায় একই সঙ্গে নারী-পুরুষ ওই ওয়ার্ডে সেবা নিতে বাধ্য হচ্ছেন।
সরেজমিনে জানা যায়, ১ সেপ্টেম্বর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে নতুন ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এর সঙ্গে আগে ভর্তি ছিলেন আটজন। এর মধ্যে ১০ জন নারী। আশপাশে কাপড় দিয়ে ঢেকে পর্দা তৈরি করা হয়েছে।
উজিরপুরের আয়েশা সিদ্দিকা বলেন, ‘চারপাশে কাপড় টানিয়ে দিয়েছি। এ ছাড়া অন্য উপায় নেই।’
বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের রিজিয়া বেগম বলেন, তাঁর বিছানার তিন দিকে পুরুষ রোগী, যা খুব অস্বস্তিকর। নারীদের জন্য আলাদা ব্যবস্থা করা প্রয়োজন।
এই ওয়ার্ডে রোগীদের জন্য বরাদ্দ বিছানা মাত্র আটটি। বিছানা না থাকায় মেঝেতে ও বারান্দায় স্থান দেওয়া হয়েছে বেশ কয়েকজন রোগীকে।
সেবিকা সাবিনা ইয়াসমিন বলেন, সকালে ১২ জন রোগী ওয়ার্ডে ছিলেন। আর আটজন ছিলেন বাইরে। সেবিকা ছানিয়া বেগম বলেন, গড়ে প্রতিদিন ২০-২৫ জন রোগী ভর্তি থাকেন। প্রতি মাসে গড়ে সাড়ে তিন থেকে ৪০০ রোগী ভর্তি হন ওই ওয়ার্ডে। গত মাসে ভর্তি ছিলেন ৩১১ জন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রতিদিন ডায়রিয়া ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে। কিন্তু প্রয়োজনীয় বিছানা ও ওয়ার্ড না থাকায় মেঝেতে নারী-পুরুষ একসঙ্গে চিকিৎসা নিচ্ছেন। নারীদের পৃথক ওয়ার্ডের জন্য লেখালেখি করেও কোনো কাজ হচ্ছে না।
হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের টানাটানির মধ্যে রয়েছে জেনারেল হাসপাতাল। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, জেনারেল হাসপাতাল রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো নির্মাণের দায়িত্ব গণপূর্ত বিভাগের। অন্যদিকে গণপূর্ত বিভাগ বলে, ২৫০ শয্যার নিচের হাসপাতাল দেখাশোনার দায়িত্ব স্বাস্থ্য প্রকৌশল বিভাগের।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, জেলা হাসপাতালগুলো মূলত স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীন। কিন্তু বরিশাল জেনারেল হাসপাতালটি মেডিকেল কলেজের সঙ্গে থাকায় এর দায়িত্ব আসলে কার ওপর, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মেডিকেলের সঙ্গে থাকলে এটি গণপূর্ত বিভাগের দায়িত্ব।
স্থানীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এফ এম মুরশীদ বলেন, ‘হাসপাতালটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে থাকায় এটি দেখার কথা গণপূর্ত বিভাগের। তার পরও স্বাস্থ্যমন্ত্রী এর দেখভালের নির্দেশ দেওয়ায় আমরা সংস্কার ও মেরামতের উদ্যোগ নিচ্ছি। তবে কোনো অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নেই।’