ডায়রিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর, তালা ও আশাশুনি উপজেলার প্লাবিত এলাকাগুলো থেকে এখনো পানি নামতে শুরু করেনি। এতে এসব এলাকায় ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগ ছড়িয়ে পড়ছে। বেড়েছে সাপের উপদ্রুব। এক সপ্তাহে সাপের কাপড়ে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্গত ব্যক্তিরা চাহিদা অনুযায়ী ত্রাণসামগ্রী পাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।এক সপ্তাহের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। এ ঘোষণার ১০ দিন পরও পানি নিষ্কাশনের উদ্যোগ নেয়নি সরকার। নদী ও খাল থেকে জাল ও পাটা (বিশেষ ধরনের জাল) অপসারণেরও ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়নি। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে। পানি না কমায় নিজ ঘরে পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন জেড আতিক জানান, গত এক সপ্তাহে জেলায় এক হাজার ৬০২ জন ডায়রিয়া, ৫০ জন নিউমোনিয়া, এক হাজার ৫২৩ জন চর্মরোগ, এক হাজার ৭০০ জন চোখের প্রদাহে আক্রান্ত হয়েছে। এসব রোগে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। এ জন্য জেলায় ৫১টি চিকিৎসকদল কাজ করছে।স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট আশাশুনি উপজেলার বাহাদুরপুর গ্রামের নূরজাহান (৩০), ১৭ আগস্ট একই উপজেলার স্কুলছাত্র আশিকুর রহমান (১১) ও ১৬ আগস্ট সাতক্ষীরা সদরের পরানদাহ গ্রামের আবুল হাসান (৬০) সাপের কাপড়ে মারা গেছেন। মেছেরডাঙ্গা গ্রামের বাসিন্দা খোরশেদ আলম ও প্রভাষক রাজীব আহম্মেদ জানান, দুর্গত এলাকায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর সহায়তা দরকার। কিন্তু এখনো পর্যন্ত তেমন সাড়া মেলেনি। অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছায়নি।খেশরা ইউপি চেয়ারম্যান এস এম লিয়াকত আলী জানান, তাঁর ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত। চাহিদার তুলনায় ত্রাণ খুবই অপ্রতুল। আশ্রয়কেন্দ্র ছাড়াও মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছে।সাতক্ষীরার তালা উপজেলার রাজাপুর, কলাগাছী, সোনাবাঁধাল, মেশারডাঙ্গা, রাজনগরচক; আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা, কাশিনাথপুর, সুখদেবপুর, দৌলতপুরসহ বিভিন্ন গ্রাম এখনো পানির নিচে তলিয়ে আছে। পানি না বাড়লেও কমছে না। কাঁচা ঘরবাড়ি সব ধসে পড়ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে ঘা-পাচড়া, ডায়রিয়াসহ পানিবাহিত ও ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়ছে।রাজাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার সরকার ও খেসরা ইউপি সদস্য নিমাই সরকার অভিযোগ করেন, পানি নিষ্কাশনে ব্যবহূত খাল ও নদী ইজারা দেওয়া যাবে না বলে আইন রয়েছে। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সহায়তায় বলুয়া, গাবতলী, পুঁটিমারী, রাজাপুর, পাকুরিয়া ও নেহালপুরে নদী ও খাল ইজারা দিয়েছে। এসব খাল ও নদীতে মাছ চাষের জন্য অসংখ্য পাটা ও জাল পাতা হয়েছে। এতে এলাকায় জমে থাকা পানি সরছে না। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা সরকারিভাবে নেওয়া হয়নি শনিবার পর্যন্ত। মানুষ সীমাহীন কষ্টে আছে। আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ইতিমধ্যে তিনি তাঁর উপজেলার সব খাল ও নদীর চর ভরাটে এলাকার ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসককে চিঠি দিয়ে জানিয়েছেন। যোগাযোগব্যবস্থার কারণে অনেক এলাকায় ত্রাণতৎপরতা স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না।