ডায়রিয়ায় আক্রান্ত আরও ১২১ জন হাসপাতালে
চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন মহল্লা থেকে গতকাল বুধবার ১২১ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত ছয় দিনে সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫০ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আন্তর্জাতিক কলেরা ও উদারাময় গবেষণা প্রতিষ্ঠানের (আইসিডিডিআরবি) প্রতিনিধিদল চুয়াডাঙ্গায় অবস্থান করছে। আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোশতাক আহমেদের নেতৃত্বে আরও একটি বৈজ্ঞানিকদল গতকাল বিকেলে চুয়াডাঙ্গায় পৌঁছায়।
চিকিৎসকেরা জানান, গতকাল ভর্তি হওয়া বেশির ভাগ রোগীই স্বজনসহ অন্যদের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাসুদ রানা বলেন, পরিস্থিতি উন্নতির দিকে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্তকারী দল কাজ শুরু করেছে। পৌর কর্তৃপক্ষ গতকালও আক্রান্ত এলাকায় ভ্রাম্যমাণ গাড়িতে করে বিশুদ্ধ পানি সরবরাহ করেছে।