ডায়রিয়ায় আক্রান্ত আরও ২২০ জন হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা পৌরসভার পানি সরবরাহ লাইনের সঙ্গে পয়োনিষ্কাশনের লাইন যুক্ত হয়ে পানি দূষিত হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। এই দূষিত পানি পান করায় ডায়রিয়া ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
এদিকে ডায়রিয়া প্রতিরোধে সতর্কবার্তা প্রচারসহ সচেতনতামূলক অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকলেও এ রোগের প্রকোপ বেড়েই চলেছে। সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত আরও ২২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে সদর হাসপাতালে ভর্তি হওয়া ডায়রিয়া আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭ জন। এ ছাড়া গতকাল দুই শতাধিক ডায়রিয়া রোগী জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, ‘আইইডিসিআরের প্রতিনিধিদল ডায়রিয়াকবলিত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে যে পৌরসভার সরবরাহ করা পানি থেকেই ডায়রিয়ার সূত্রপাত ঘটেছে। আমাদের ধারণা, পৌর এলাকার কোনো স্থানে পানির লাইনের সঙ্গে স্যুয়ারেজের লাইন যুক্ত হয়ে গেছে। তা চিহ্নিত করতে কাজ চলছে।’ মাহমুদুর রহমান এ জন্য পৌর পরিষদসহ এলাকাবাসীর সহযোগিতা চান।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি), আইইডিসিআর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ১১ জন প্রতিনিধি চুয়াডাঙ্গায় পৌঁছে গতকাল সকাল থেকে দুটি দলে ভাগ হয়ে ডায়রিয়ার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেন। মাহমুদুর রহমান সার্বিক কার্যক্রমের সমন্বয় করছেন। তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন মাহমুদুর রহমান।
এ ছাড়া সিডিসির সহকারী পরিচালক এ এস এম আবদুস সাত্তার মিয়ার নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদল সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পাশাপাশি ডায়রিয়াকবলিত এলাকাগুলোতে ঘুরে ঘুরে স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করছেন। আবদুস সাত্তার মিয়া বলেন, ‘বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ রীতিমতো উদ্বিগ্ন। আক্রান্ত এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জেনেছি, ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ওভারহেড ট্যাংক থেকে সরবরাহ করা পানি নোংরা ও দুর্গন্ধময়।’