ডায়রিয়ায় আক্রান্ত শিশুর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজান উপজেলার সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত সিনথিয়া চৌধুরী (৪) নামের এক শিশুর শরীরে মেয়াদোত্তীর্ণ কলেরা স্যালাইন দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য দায়ী এক নার্সকে (সেবিকা) হাসপাতাল থেকে প্রত্যাহার করে বেতন-ভাতা বন্ধ করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও।জানা যায়, এ ঘটনার পার্শ্বপ্রতিক্রিয়ায় রোগীর অবস্থা খারাপের দিকে মোড় নিলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে চিকিৎসকদের ত্বরিত ব্যবস্থায় রোগী আশঙ্কামুক্ত হয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত নয়টায়।অভিভাবক আহসান হাবিব চৌধুরীর অভিযোগ, ডায়রিয়ায় আক্রান্ত তাঁর ভাগনিকে সকালে চিকিৎসার জন্য নেওয়া হয় এই হাসপাতালে। ভর্তির পর তার শরীরে স্যালাইন দেওয়া হয়। সর্বশেষ যে স্যালাইনটি দেওয়া হয়েছে ওই স্যালাইন ছিল মেয়াদোত্তীর্ণ।রোগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন যাওয়ায় পার্শ্বপ্রতিক্রিয়া দেখে সন্দেহ হলে প্যাকেট দেখে বিষয়টি নিশ্চিত করা হয়। এ সময় ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হলে স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত হাসপাতালে এসে পরিস্থিতি সামাল দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার ঘটনা স্বীকার করে বলেন, ভুল করে স্যালাইনটি দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য দায়ী নার্স চন্দনা দত্তকে (সেবিকা) প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি তাঁর বেতন-ভাতা স্থগিত করা হয়েছে। ঘটনা তদন্তে সিভিল সার্জনের নির্দেশে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসারকে প্রধান করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে। উল্লেখ্য, পৌর সদরের সুলতানপুর ৩১ শয্যার হাসপাতালটিতে এখনো জনবল নিয়োগ দেওয়া হয়নি। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে ডেপুটেশনে লোক এনে কোনো রকমে চালানো হচ্ছে।