ডায়রিয়ায় আক্রান্ত ১৬ একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ছৈলাবুনিয়া গ্রামে একই বাড়ির ১৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে হাতেম আলী গোলদার (৯০) নামের একজন শনিবার হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ছৈলাবুনিয়া গ্রামের হাতেম আলী গোলদারের বাড়িতে গত শুক্রবার রাতে ভাত খাওয়ার পর থেকে পরিবারের আটজন অসুস্থ হয়ে পড়ে। রাতেই হাতেম আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শনিবার ভোর থেকে অন্যরাও গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে তাদের মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যান হাতেম আলী। ডায়রিয়ায় আক্রান্ত বাকি সাতজন হচ্ছেন রাহিমা বেগম (১৪), তুষার (৫), জেসমিন (৩৫), রাবিয়া বেগম (১৪), লাভলী বেগম (২৫), মরিয়ম বেগম (১৮), মনোয়ারা বেগম (৪৫)। তাঁদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হাতেম আলী গোলদারের বাড়ির আরও কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি চিকিৎসা দল ঘটনাস্থলে ছুটে যায়। তারা তাৎক্ষণিকভাবে ওই বাড়ির আটজন ডায়রিয়া রোগীকে চিকিৎসা দেয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুজ্জামান জানান, ডায়রিয়ায় একই বাড়ির অনেক লোক আক্রান্ত হওয়ার খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি চিকিৎসা দল পাঠানো হয়েছে। পুকুরের পানি ব্যবহার করায় ওই বাড়ির লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।