ডায়রিয়ায় আক্রান্ত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আলহাজ পাটকলের ক্যানটিনের খাবার খেয়ে ও পানি পান করে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পাটকল কর্তৃপক্ষ, শ্রমিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শ্রমিকেরা গতকাল ক্যানটিনে রুটি, বিস্কুট খান ও পানি পান করেন। এরপর থেকে অন্তত ৫০ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁরা ঘন ঘন পাতলা পায়খানা ও বমি করেন। পরে পাটকলের উপব্যবস্থাপকের সহযোগিতায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাটকলের উপব্যবস্থাপক আবদুস সামাদ বলেন, শ্রমিকেরা কেন অসুস্থ হয়ে পড়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমতাজ উদ্দিন বলেন, ভেজাল খাবার ও পানি খেয়ে শ্রমিকেরা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।