ডায়রিয়ায় একজনের মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক
নোয়াখালীর চাটখিল উপজেলার বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহে শিশু ও নারীসহ দুই শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে শংকরপুর গ্রামের মো. সোহাগ হোসেনের মেয়ে সোহাগী বেগম (৬) গত মঙ্গলবার রাতে স্থানীয় সেন্ট্রাল হাসপাতালে মারা গেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে প্রতিদিন ১৫-১৬ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫ জন রোগী ভর্তি ছিল। এ ছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৩০ জন ভর্তি হয়েছে।উপজেলার শ্রীপুর গ্রামের রিকশাচালক নূরুল ইসলামের স্ত্রী বিবি আমেনা বলেন, ‘আমার তিন সন্তান পলি (১৩), আরমান (১০) ও রিয়াদ হোসেন (৯) ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।’উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল হোসেন বলেন, প্রচণ্ড গরম এবং দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন গ্রামে গিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।