ডায়রিয়ায় তিনজনের মৃত্যু আক্রান্ত কয়েক শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গত সাত দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেছে। আক্রান্ত চার শতাধিক মানুষ উপজেলার একটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সাত শতাধিক রোগী এসব হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে।স্থানীয় একাধিক সূত্র জানায়, ২ নভেম্বর থেকে উপজেলার পাহাড়বেষ্টিত পদুয়া, পোমরা, রাজানগর, ইসলামপুর, লালানগর, হোছনাবাদ, পারুয়া ও নদীর তীরবর্তী সীরফভাটা, কোদালা, মরিয়মনগর, চন্দ্রঘোনা, বেতাগি ও স্বনির্ভর ইউনিয়নের গ্রামগুলোতে ডায়রিয়া দেখা দেয়। এসব এলাকায় ডায়রিয়ার প্রকোপ ক্রমেই বাড়ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানায়, ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ স্বাস্থ্য কমপ্লেক্সে ৯৩ জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়। বহির্বিভাগে চিকিৎসা নেয় ২২৯ জন। ৪ নভেম্বর রাতে মুরাদনগর পৌর এলাকার সুলতান আহমদের দুই বছরের শিশু জামাল উদ্দিন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর হাসপাতালে নেওয়া হয়।গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ৭৮ জন রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে ৫৩ জনই শিশু। শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে রাখা হয়েছে অনেক রোগীকে। এ সময় হোছনাবাদ ইউনিয়নের জঙ্গল নিচিন্তাপুর গ্রামের ডায়রিয়ায় আক্রান্ত শহর বানু (৩০) জানান, পাঁচ-ছয় দিন ধরে গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। ৭০-৭৫টি পরিবারের অধিকাংশ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৭ নভেম্বর রাতে গ্রামের জালাল আহমদের ১৬ মাস বয়সী শিশু সজীব ডায়রিয়ায় মারা গেছে।হোছনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান দানু মিয়া ডায়রিয়ায় সজীবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পদুয়া সারজাহ হাসপাতালের নিবন্ধক শাহ আলম জানান, সাত দিনে হাসপাতালের অভ্যন্তরে ডায়রিয়ায় আক্রান্ত ৯৯ জন রোগী চিকিৎসা নিয়েছে। বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ১৮৮ জন। ৫ নভেম্বর সকালে ডায়রিয়ায় আক্রান্ত আরিফা বেগমকে (১৭) হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। সে পদুয়া ইউনিয়নের উদলবুনিয়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে।চন্দ্রঘোনা জেনারেল হাসপাতালের চিকিৎসক এম কাউছার জানান, গত সাত দিনে মপ হাসপাতালে ১১৮ জন ডায়রিয়া রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়। ১৭১ জন বহির্বিভাগে চিকিৎসা নেয়। চন্দ্রঘোনা খ্রিষ্টান মিশনারি হাসপাতালের নিবন্ধক মধু মারমা জানান, ২ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মপ হাসপাতালে ৯৬ জন ডায়রিয়া রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়। বহির্বিভাগে চিকিৎসা নেয় ১১৩ জন রোগী।চিকিৎসকেরা জানান, শুষ্ক মৌসুমের শুরু থেকে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন নদী, পুকুর, ডোবা ও জলাশয়ে পানিপ্রবাহ কমতে থাকে। এসব পানিতে আছে নানা রকম রোগ-জীবাণু। এসব পানিতে ধোয়া হাঁড়ি-পাতিল ও থালা-বাসনে খাবার খেয়ে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। এমনকি খোলা পায়খানা থেকে নদীতীরের মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। পাহাড়বেষ্টিত এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় ছড়ার পানি পান করেও মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা বিজন কান্তি বিশ্বাস বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমের শুরুতে রাঙ্গুনিয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। ফলে প্রতিবছরের মতো আমরা এবারও সতর্ক ও প্রস্তুত রয়েছি।’