ডায়রিয়ায় দুই বোনের মৃত্যু মা-বাবা-ভাই হাসপাতালে
মাদারীপুর সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের দুই বোন সোমবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। একই রোগে আক্রান্ত হয়ে তাদের মা-বাবা ও ভাই হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খোয়াজপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের শাহ আলম খান (৩৮) ও তাঁর স্ত্রী শাহানাজ বেগম (৩২) দুপুরে ডায়রিয়ায় আক্রান্ত হলে তাঁরা মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হন। এ সময় তাঁদের সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া তাঁদের শিশুছেলে সুজনও (৩) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়ে। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাড়িতে রেখে যাওয়া শাহ আলমের দুই শিশুকন্যা মুন্নী (৭) ও মিলা (৫) সন্ধ্যার পর ডায়রিয়ায় আক্রান্ত হয়। কিন্তু বাড়িতে অন্য কেউ না থাকায় এবং প্রতিবেশীরাও বিষয়টি টের না পাওয়ায় তারা বিনা চিকিৎসায় রাতেই মারা যায়।খোয়াজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাসুদুর রহমান জানান, হতদরিদ্র পরিবারটি এক বছর আগে মুন্সিগঞ্জ থেকে খোয়াজপুর এসে আশ্রয় নেয়। খোয়াজপুরে পরিবারটির কাছের কেউ না থাকায় এলাকাবাসী নিজ উদ্যোগে শিশু-দুটির লাশ দাফনের ব্যবস্থা করেছে। শিশু-দুটি ডায়রিয়ায় আক্রান্ত হয়েই মারা গেছে বলে খোয়াজপুর ইউনিয়নের সহ-স্বাস্থ্য পরিদর্শক নূর মোহাম্মদ মৃধা নিশ্চিত করেছেন।