ডায়রিয়ায় ৬ দিনে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ছয় দিনে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নারায়ণপুর ও উচারগাতি, উচাখিলা ইউনিয়নের হরিয়াখালি ও রাজীবপুর ইউনিয়নের শ্রীনগর গ্রামে ১৯ অক্টোবর থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। উচারগাতি গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকলিমা আক্তার (৪০) ২৩ অক্টোবর রাত ১১টার দিকে ডায়রিয়ায় আক্রান্ত হন। সকাল সাতটায় তিনি মারা যান। গত সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছয় মাস বয়সী মেয়ে মিতু মারা যায়। হরিয়াখালি গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী ছালেমা খাতুন (৮০) সোমবার রাতে এ রোগে আক্রান্ত হন। গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।

নারায়ণপুর গ্রামের মোফাজ্জল হোসেন জানান, ডায়রিয়ায় এভাবে তিনজনের মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের গ্রামে নতুন করে লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম মোস্তফা ডায়রিয়ায় তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।