ডায়াগনস্টিক পরীক্ষার 'স্বাভাবিক মাত্রা' নির্ধারণে গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগনির্ণয়ের পরীক্ষাপদ্ধতিতে ব্যবহৃত ‘স্বাভাবিক মাত্রা’ (রেফারেন্স ভ্যালু) সব দেশের সব মানুষের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। দেশভেদে জৈব রাসায়নিক উপকরণের স্বাভাবিক মাত্রা নতুন করে নির্ধারণ করার গবেষণা শুরু হয়েছে। বাংলাদেশসহ ১৭টি দেশে এই গবেষণা চলছে।
গত বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশি-বিদেশি গবেষকেরা এ তথ্য দেন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ক্লিনিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন (আইএফসিসি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশে এই গবেষণা করছেন আইসিডিডিআরবির মলিক্যুলার ও সেরোডায়াগনস্টিক ল্যাবের জ্যেষ্ঠ বিজ্ঞানী ফিরোজ আহমেদ।
ফিরোজ আহমেদ অনুষ্ঠানের ফাঁকে প্রথম আলোকে বলেন, পুরুষের রক্তে ক্রিটেনিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে ৫৩ থেকে ১০৬ মাইক্রোমল/লিটার। এই স্বাভাবিক মাত্রা আফ্রিকা, এশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ সব এলাকার সব মানুষের জন্য ব্যবহার করা হয়। অথচ জাতিগত বৈশিষ্ট্য, পরিবেশ, খাদ্যাভ্যাস, পুষ্টি পরিস্থিতি, বয়স—এ রকম আরও নানা কারণে স্বাভাবিক মাত্রার তারতম্য হয়।
অনুষ্ঠানের প্রধান আলোচক জাপানের ইয়ামাগুচি বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ল্যাবরেটরি সায়েন্সেস বিভাগের অধ্যাপক ও আইএফসিসির চেয়ার কিয়োশি ইচিহারা বলেন, বাংলাদেশসহ ১৭টি দেশে রক্তের ৫২টি পরীক্ষার নতুন স্বাভাবিক মাত্রা নির্ধারণের গবেষণা চলছে।